দ্রুত সম্পন্ন হবে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি

15

নিউজ ডেস্ক: শনিবার ভারতে আসছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। ভারত-আমেরিকার মাঝে শুল্ক জট ও তেল নিষেধাজ্ঞার জটিল পরিস্থিতিতে রুবিয়োর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই রুবিয়োর ভারত সফরে অগ্রাধিকার পাবে প্রস্তাবিত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি। ভারত সফরের আগে রুবিয়ো জানিয়েছেন, ভারতের যত জ্বালানি প্রয়োজন, জোগাতে প্রস্তুত আমেরিকা। রুবিয়োর কথায়, ‘ভারত যত তেল কিনতে চাইবে আমরা ততটাই বিক্রি করব।’

এ ছাড়া আগামী সপ্তাহে ভারতে আসছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ। ভেনেজুয়েলা অপরিশোধিত তেলের ভান্ডার। সেখানকার তেল ভারতে আসবে কি না সেটাও রুবিয়োর সঙ্গে নয়াদিল্লির আলোচনায় স্থির হতে পারে। কেন না ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন বকলমে আমেরিকার হাতে। মার্কো রুবিয়োর ভারত সফর শেষ হওয়ার পরই ভারতে আসবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল।

রুবিয়োর সফর নিয়ে প্রবল আশাবাদী কেন্দ্রীয় শিল্প-বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, বাণিজ্য চুক্তির বিষয়ে ভারত যথেষ্ট দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির মূল আধিকারিক এদেশে আসবেন জুনে। গত মাসে ভারতীয় প্রতিনিধিরা আমেরিকা সফর করেছে বাণিজ্য চুক্তি নিয়ে। আমেরিকার সঙ্গে বৈঠকে বাণিজ্য চুক্তির অন্তর্বর্তী খসড়া চূড়ান্ত হয়েছে বলে নয়াদিল্লি সূত্রে খবর।

পীযূষ গোয়েল জানিয়েছেন, ‘গত ছয় মাসে আমেরিকার শিল্পক্ষেত্রে বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছি, তার পরিমাণ শেষপর্যন্ত হতে পারে ৬০ বিলিয়ন ডলার।’ আর ভারতে মার্কিন রাষ্ট্রদূত সের্জিয়ো গোর বলেছেন, আগামী মাসে আমেরিকার বাণিজ্য প্রতিনিধিরা চুক্তির লক্ষ্য স্থির করবে। দেড় বছর দুদেশের মাঝে দর কষাকষি চলছে। আবার এটাও ঠিক ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি করতে লেগেছিল ১৯ বছর।

২৩-২৬ মে ভারতে থাকবেন মার্কো রুবিয়ো। ২৬ মে রয়েছে কোয়াড বৈঠক। যেখানে থাকবেন রুবিয়ো, বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং অস্ট্রেলিয়া ও জাপানের বিদেশমন্ত্রী। এ ছাড়া এই সফরে কলকাতায় যাবেন মার্কো রুবিয়ো। ১৪ বছর আগে কলকাতায় গিয়েছিলেন আমেরিকার তৎকালীন সচিব হিলারি ক্লিন্টন।