নিউজ ডেস্ক, গুয়াহাটি: ডিব্রুগডের পর নলবাড়ি, জাতীয় সড়কে নামতে পারবে বিমান। কয়েক মাস আগে অসমের ডিব্রুগড়ে নেমেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। এবার সেই সুবিধার ব্যবস্থা করা হয়েছে ২৭ নম্বর জাতীয় সড়কে। নলবাড়ির জাতীয় সড়কে পাঁচ কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি সংক্ষেপে ইএলএফ। উত্তর-পূর্ব ভারতে সামরিক বাহিনীর কৌশলগত পরিকাঠামোর জন্য এধরনের অবতরণ অত্যন্ত জরুরি।
নতুন অবতরণ ব্যবস্থার কথা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন অসমের বিজেপি বিধায়ক জয়ন্ত মল্লবরুয়া। টিহু ও মধাপুরের মাঝে ৫ কিলোমিটার পথে যে কোনও বিমান অবতরণ করতে পারবে। এতে সুবিধা হবে মিলিটারি এয়ারক্রাফটের পাশাপাশি যাত্রীবাহী উড়ানের জরুরি অবতরণে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বেশ কয়েকটি দেশের সীমান্ত রয়েছে। যার ফলে এই ব্যবস্থা দেশের সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিমানের জরুরি অবতরণের ব্যবস্থা করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছে ভারতের জাতীয় সড়ক মন্ত্রক। বিমান অবতরণের নিয়মবিধির পাশাপাশি নজরে রাখা হয়েছে যাতে এই পাঁচ কিলোমিটার এলাকায় কোনও বড় নির্মাণ গড়ে না ওঠে।
শুধু অসম নয়, গোটা উত্তর-পূর্ব ভারতে একমাত্র অসমে দুটি জাতীয় সড়কে এবার জরুরি ভিত্তিতে বিমান নামতে পারবে।