US-IRAN WAR: ফের মুখোমুখি আমেরিকা ইরান, ট্রাম্পের সমালোচনা তেহরানের

5

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে হামলা-পাল্টা হামলা বন্ধ রয়েছে। কিন্তু আমেরিকা ইরান সম্পর্কে বরফ গলেনি। বিশ্বের সব কূটনৈতিক চ্যানেলে আমেরিকার সমালোচনায় সরব তেহেরান। ইরান হুমকি দিয়ে বলেছে, ‘আমরা নতুন ফ্রন্ট খুলব।’ ফের হামলার হুমকি আমেরিকাকে।

আমেরিকা ইরান যুদ্ধ এখন সারা বিশ্বের মাথা ব্যাথার কারণ। থমকে গেছে বিশ্বের একটি অন্যতম ট্রেড রুট হরমুজ প্রণালি। দেশে দেশে দেখা দিয়েছে জ্বালানি সঙ্কট। এরকম প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা মাথাচড়া দিচ্ছে মধ্যপ্রাচ্যে। এরজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিচারিতাকেই দায়ী করেছে ইরান। বিদেশ মন্ত্রী আব্বাস আরাগাছি সংবাদ মাধ্যমে বলেছেন, ‘আমেরিকা বার বার তাঁদের দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করছে।’ যুদ্ধ বন্ধ করতে ইরান পাকিস্তানের মাধ্যমে ১৪টি প্রস্তাব পাঠিয়েছিল। তারপরই এই মন্তব্য করেন ইরানের বিদেশমন্ত্রী। এদিকে, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশিকান বলেছিলেন, ‘আলোচনা হোক সম্মানের সঙ্গে’।

আমেরিকাকে ফের হামলার হুমকি ইরানের

এই জটিল পরিস্থিতিতে মঙ্গলবার ইরানের সেনাবাহিনী নতুন করে হামলার হুমকি দিয়েছে। তাঁরা আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলারও হুমকি দেয়। ইরান সেনার মুখপাত্র মহম্মদ আক্রামিনিয়া বলেছেন, ‘যদি শত্রুরা ইরানে ফের আগ্রাসন চালায়, তাহলে আমরা নতুন অস্ত্র দিয়ে মোক্ষম জবাব দেব’। আমেরিকা ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছে তেহরান। যাতে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য দেশবাসীকে প্রস্তুত করা যায়।

ইরানের নাগরিকদের দেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ

গত ৮ এপ্রিল থেকে আমেরিকা ও ইরানের মধ্যে চলছে যুদ্ধবিরতি। তবে ফের তেহেরানের আকাশে ফের ছেয়ে গেছে যুদ্ধের কালো মেঘে। ফের মুখোমুখি আমেরিকা ইরান। ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই এবার দেশের নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করল তেহেরান। ইরানের রাজধানী শহরে সেনাবাহিনীর পক্ষ থেকে খোলা হয়েছে বহু প্রশিক্ষণ কেন্দ্র। ওই কেন্দ্রগুলিতে নাগরিকদের AK-47 এর মতো রাইফেল চালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুরুষ-মহিলারা স্বেচ্ছায় যোগ দিচ্ছেন আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণে।

আমেরিকা ইরান মধ্যস্ততার জন্য চাই আরও সময়: কাতার

এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে। আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ ঠেকাতে মাঠে নেমেছে পাকিস্তান। ইতিমধ্যে পাকিস্তানের মাধ্যমে চৌদ্দটি প্রস্তাব পাঠিয়েছে ইরান। আলোচনা চলছে। এই আবহে গুরুত্বপূর্ণ মন্তব্য এল কাতার থেকে। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মজিদ অল আনসারি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা পাকিস্তানের কূটনৈতিক পদক্ষেপকে সমর্থন জানাই। পাকিস্তান চেষ্টা করছে, উভয় দেশকে আলোচনার টেবিলে বসাতে, যাতে সমস্যার সমাধান হয়। আমাদের বিশ্বাস এই প্রক্রিয়ার জন্য আরও সময় দিতে হবে।’

আপাতত স্থগিত রেখেছিল হামলার পরিকল্পনা: ট্রাম্প

এদিকে, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের উপর নতুন করে হামলার পরিকল্পনা তাঁরা আপাতত স্থগিত রেখেছেন। গালফ দেশের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। বুধবার থেকেই এই হামলার পরিকল্পনা ছিল। বর্তমানে মধ্যস্ততাকারীর মাধ্যমে আলোচনা চলছে। ট্রাম্প এ ব্যাপারে জানিয়েছেন, কাতার, UAE, সৌদি আরবের মতো দেশের রাষ্ট্রপ্রধানরা ইরানে হামলা না করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তাই হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে ওয়াশিংটন। তবে মার্কিন সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে খুব সল্প সময়ে বড় হামলা চালানো যায়।