নিউজ ডেস্ক, গুয়াহাটি: জ্বালানিতে আগুন। ফের দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের। এর আগে ১৫মে জ্বালানির দাম বাড়ানো হয়েছিল। লিটার প্রতি ৩টাকা দাম বেড়েছিল। তবে, আশঙ্কা করা হচ্ছিল পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে পেট্রল-ডিজ়েলের দাম আরও বাড়তে পারে। সেই আশঙ্কাই সত্যি করে ৪ দিনের মধ্যে ফের একপ্রস্থ দাম বাড়ল জ্বালানির। মঙ্গলবার সকাল থেকেই জ্বালানির নতুন দাম কার্যকর হল।
পেট্রল-ডিজেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম এখন সাধারণের নাগালের বাইরে। আজ থেকে গুয়াহাটিসহ রাজ্যজুড়ে আবারও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ১ টাকা ৮ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ১ টাকা ১১ পয়সা। এই বৃদ্ধির পর আজ গুয়াহাটিতে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০২ টাকা ২৯ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৯৩ টাকা ৬১ পয়সা।
আন্তর্জাতিক যুদ্ধের অজুহাতে জ্বালানি ও গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের পকেটে তীব্র টান পড়েছে। অথচ চড়া দাম চুকিয়েও মিলছে না স্বস্তি। বাজারে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস এজেন্সিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের। এর ফলে বহু জায়গায় গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে তীব্র বচসা ও উত্তেজনার সৃষ্টি হচ্ছে।
শুধু জ্বালানিই নয়, কাঁচাবাজারেও আগুন লেগেছে। শাকসবজির অবাধ মূল্যবৃদ্ধির কারণে বাজারে গিয়ে হাহাকার করছেন ক্রেতারা। বেশ কিছু সবজির দাম ইতিমধ্যেই সেঞ্চুরি পার করেছে। পাল্লা দিয়ে বাড়ছে চাল, ডাল, ডিমের মতো জরুরি মুদিখানার জিনিসের দামও। এমনকি অতি সাধারণ খাদ্য পণ্য পাউরুটির দামও সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। একই সাথে হু হু করে বাড়ছে রড, সিমেন্টের মতো বাড়ি তৈরির সামগ্রীর দামও। সব মিলিয়ে চারপাশের এই লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ক্ষোভ এখন চরমে।