মূল্যবৃদ্ধি ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ কংগ্রেসের

85

স্টাফ রিপোর্টার, গুয়াহাটি: অসম বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি। রাজ্যপালের ভাষণের মধ্যে উত্তেজিত হয়ে উঠেন একাংশ বিরোধী বিধায়ক। সদন ত্যাগ কংগ্রেসি বিধায়কদের। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সদনের বাইরে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন।

বিধানসভা

রাজ্যপালের ভাষণে শুরু হল সদনের কাজকর্ম

অসম বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে উত্তপ্ত হল সদন। দ্বিতীয় দিনের কাজকর্ম শুরু হয়, রাজ্যপালের ভাষণের মাধ্যমে। সদনে প্রবেশের আগে রাজ্যপালকে গার্ড অব অনার জানায় অসম পুলিশের জওয়ানরা। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা, বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস প্রমুখ। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য নিজের ভাষণে আগের সরকারের আমলে যে উন্নয়নমূলক কাজকর্ম হয়েছিল, তার খতিয়ান তুলে ধরেন। রাজ্যে উন্নয়নের চাকা গতি পেয়েছে বলে উল্লেখ করেন রাজ্যপাল।

রাজ্যপালের ভাষণে বাধা বিরোধীদের

আচমকা রাজ্যপালের ভাষণের মধ্যে উত্তেজিত হয়ে উঠেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তিনি মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে সদনের মধ্যে সরকারকে জবাবদিহি করেন। বার বার রাজ্যপালের ভাষণে বাধা দিয়ে অখিল গগৈ বলেন, ‘স্যার মূল্যবৃদ্ধি নিয়ে বলুন।’ ফলে সদনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস অখিল গগৈকে শান্ত করার চেষ্টা করেন।

মূল্যবৃদ্ধি ইস্যুতে কংগ্রেসের সদন ত্যাগ

এদিকে অখিলের সঙ্গে প্রতিবাদে সরব হন কংগ্রেসি বিধায়করাও। বিধানসভায় প্রবেশের আগেও প্ল্যাকার্ড হাতে কার্যত মিছিল করে আসেন কংগ্রেসি বিধায়করা। একই ইস্যুতে রাজ্যপালের ভাষণের সময় সদন ত্যাগ করেন তারা। মূল্যবৃদ্ধি ইস্যুতে সদনের বাইরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরী বলেন, ‘মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যপালের ভাষণে কোনও শব্দ নেই। তাই আমরা সদন ত্যাগ করেছি।’ এদিকে, আরেক কংগ্রেস বিধায়ক জাকির হোসেন সিকদার বলেন, ‘রাজ্য সরকার দোকানে দোকানে আধিকারিকদের পাঠাচ্ছে। এভাবে কি মূল্যবৃদ্ধি রোধ সম্ভব? আসলে সবকিছুই নাটক। রাজ্যপালের ভাষণে এই বিষয়টি আলোকপাত করার প্রয়োজন ছিল। কিন্তু তিনি তা করেননি।’

সদনের বাইরে হাসিমুখে অখিল!

সদনের ভেতরে রাজ্যপালের ভাষণের সময় বিরোধী বিধায়কদের প্রতিবাদ। সদনের বাইরেও প্রতিবাদ। কিন্তু রাজ্যপালের সঙ্গে ফটো সেশনে সব বিধায়কদের একসঙ্গে দেখা গেল। হাসিমুখে ল্যান্সের সামনে পোজ দিলেন রাইজর দলের বিধায়ক অখিল গগৈও। সত্যি অসম বিধানসভার অন্দর মহল কী বিচিত্র!