১২৫তম জন্ম দিবসের আগেই সুকিয়া স্ট্রিটে ভাঙল শ্যামাপ্রসাদের মূর্তি

46

পৃথা দাশগুপ্ত, কলকাতা: কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা হল। শনিবার মধ্যরাতে মূর্তির বেদীর নিচের অংশ ভেঙে ফেলে কিছু দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে, মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায়। রাজ্যে পালাবদলের পরে মহা সমারোহে তাঁর জন্মদিবস পালনের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার কলকাতায় আসবেন। তার আগেই এই ঘটনা।

মধ্য কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় এপিসি রোডের উপরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়ের দুটি মূর্তি বসানো হয়েছে। ওই জায়গার ঢিল ছোড়া দূরত্বে রয়েছে রামমোহন লাইব্রেরি। মূর্তি বসানোর কাজ শেষ। বেদীতে নামের ফলকও বসানোর কাজ শেষ। ওই মূর্তি সোমবার উদ্বোধন হওয়ার কথা । কিন্তু আজ সকালেই দেখা গেল এই ছবি। মূর্তির উপরের অংশ ঠিক থাকলেও নীচের বেদীর অংশ ভাঙা। নামের ফলক ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রাখা ।

কে বা কারা করল এই ঘটনা ঘটাল পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুতেজ খতিয়ে দেখা হচ্ছে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবসে মহা সমারোহে বাংলায় পালন করতে চলেছে বিজেপি। নিউ টাউনের ইকো পার্কে বসছে ১২৫ ফুট উঁচু শ্যামাপ্রসাদের মূর্তি। জন্মদিবস পালন উপলক্ষ্যে অমিত শাহ কলকাতায় উপস্থিত থাকবেন। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। তার আগেই কলকাতায় ঘটে গেল মূর্তির উপর হামলার ঘটনা।