অরুণাচলে ফের বন্যা, ক্ষতিগ্রস্ত প্রায় লক্ষ মানুষ

14

নিউজ ডেস্ক: ফের ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশে। উত্তর-পূর্ব ভারতের সীমান্ত রাজ্য অরুণাচলে টানা ভারী বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৪,২০০ মানুষ। ২৬ জেলার ২৩৭ ব্লকের ৩৩৩ গ্রামে বন্যার প্রকোপ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপার সিয়াং, এরপর রয়েছে সিয়াং ও ক্রা ডাডি।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাংলাংয়ে, বৃষ্টির সঙ্গে যুক্ত হয়েছে ভূমিধস। আপার সুবনসিড়িতে তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে আর আপার সিয়াংয়ে ভূমিধস হয়েছে ১৬টি জায়গায়। পূর্ব কামেংয়ে ভারী বৃষ্টির প্রকোপ দেখা গিয়েছে।
ভারী বৃষ্টিতে অরুণাচল প্রদেশে এপর্যন্ত মৃতের সংখ্যা ৪। ২৮ জুন আঞ্জাও জেলার সারতি গ্রামে ভূমিধসে একজনের মৃত্যু ঘটে। অন্য তিনজনের মৃত্যু হয়েছে কেয়ি পানইয়োর জেলার পোসায় হড়পা বানে। এই ঘটনায় ২১ জন আহত এবং এখনও দুই মহিলার খোঁজ মেলেনি।
দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বণ্টনে কাজ করছে এনডিআরএফ, অরুণাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী এবং রাজ্যের অন্যান্য বিভাগ।
বন্যার প্রকোপ সবচেয়ে বেশি পড়েছে সরকারি পরিকাঠামো ও কৃষিজমিতে। ৩৩৪ হেক্টর জমির ফসল জলের তলায়, এর মধ্যে ১৮৫ হেক্টর বাগিচা কৃষিজমি এবং ১৪৮ হেক্টর সাধারণ কৃষিজমি। ১০১০ হেক্টর বনবিভাগের এলাকা বর্তমানে রয়েছে জলে ডুবে।
প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে যে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৩১টি রাস্তা, ১৯টি সেতু, ২১ কালভার্ট, ১৯১টি জল সরবরাহ ব্যবস্তা, ৫৮টি সরকারি ভবন, ২১টি বিদ্যুৎ লাইন, ২২৪টি বিদ্যুৎস্তম্ভ, চারটি জলবিদ্যুৎ প্রকল্প, সাতটি বন্যা প্রতিরোধী প্রাচীর, দুটি হাসপাতাল এবং তিনটি স্কুল। এইসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার বাড়িঘর জলের তলায়।
দুটি আশ্রয় শিবির খোলা হয়েছে কেয়ি পানইয়োর জেলায়, যেখানে ঘরহারা ২৫২ জন রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৮ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে লোহিত, চাংলাং ও তিরাপ জেলায়। লোয়ার সুবনসিড়ি, নামসাই এবং তিরাপ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ৯ জুলাই।
এইসঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা আপার সুবনসিড়ি, লোয়ার দিবাং ভ্যালি, নামসাই, তিরাপ ও লংডিংয়ে।