ফের দাম বাড়ল দুধের

6

১৪ মে, গুয়াহাটি: খাদ্য রসিকদের জন্য উদ্বেগের খবর। নির্বাচন শেষ হতেই ফের দাম বাড়ল দুধের। লিটার প্রতি দাম বাড়ল ২ টাকা করে। প্রতিটি অত্যাবশ্যক সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে দুর্বিসহ হয়ে উঠেছে গরিব ও মধ্যবিত্তের জীবন। শিশু ও রোগীদের জরুরি খাদ্য দুধের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা।
মাত্র কয়েকদিন আগেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একলাফে বেড়েছে প্রায় হাজার টাকা। দাম বেড়েছে চাল-ডাল-তেল থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের। দাম বেড়েছে ওষুধেরও। সব মিলিয়ে সাধারণ মানুষের প্রাণে বেঁচে থাকাটাই কঠিন হয়ে উঠেছে। এই আবহে ফের লিটার প্রতি ২ টাকা দুধের দাম বাড়ায় মাথায় হাত সাধারণ খেটে খাওয়া মানুষের। আর, শিশু ও রোগীদের খাদ্য দুধের দাম বৃদ্ধির জেরে সঙ্কট আরও ঘনীভূত হয়ে উঠেছে। নির্বাচন মিটতেই এভাবে দাম বাড়ায় জনমনে ঘনাচ্ছে তীব্র ক্ষোভ।
মূল্যবৃদ্ধির আঁচ পড়েছে লামডিংয়ের বাজারেও। সঙ্কটে পড়েছে গরীব ও মধ্যবিত্তরা। লামডিঙের এক মিষ্টির দোকানের মালিক অরূপ চক্রবর্তী বলেন, অত্যাবশ্যক নয় এমন জিনিসপত্রের দাম বাড়লে তেমন বিপদ হয় না। কিন্তু অত্যাবশ্যক সামগ্রীর দাম বৃদ্ধিতে সঙ্কটে পড়েছে সাধারণ মানুষ।
আগে থেকেই প্রতিটি অত্যাবশ্যক পণ্যের দাম আকাশছোঁয়া। তারই মধ্যে দুধের মতো অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম লিটারে ২ টাকা করে বৃদ্ধি পাওয়ায় যোগীঘোপার বাজারে প্রতিক্রিয়া। বাজারের উপরে সরকারের কোনও নিয়ন্ত্রণ দেখা যাচ্ছে না। প্রতিদিনই আরও বেশি করে আর্থিক বোঝা চাপানো হচ্ছে সাধারণ নাগরিকের ঘাড়ে। ফলে, স্বাভাবিকভাবেই পকেটে টান পড়েছে সাধারণ মানুষের। শীঘ্রই দাম নিয়ন্ত্রণের দাবি উঠেছে।