আগামী ৫ বছরে দেড় লক্ষ কোটি লগ্নি অসমে

4

নিউজ ডেস্ক: আগামী ৫ বছরে অসমে পরিকাঠামো উন্নয়নে দেড় লক্ষ কোটি টাকা খরচ করবে সরকার। স্বাধীনতা দিবসে ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর মধ্যে ৫০ হাজার কোটি টাকা রাজ্যের নিজস্ব সম্পদ থেকে আসবে এবং বাকি এক লক্ষ কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার।
গুয়াহাটির খানাপাড়ায় জাতীয় পতাকা উত্তোলন করে হিমন্ত বলেন, ২০২৬ থেকে ২০৩১ এই পাঁচ বছরে সরকারের লক্ষ্য রাস্তা, স্কুল, নগরায়ন, গ্রামোন্নয়ন এবং অন্যান্য প্রধান পরিকাঠামো তৈরি করা। সরকারের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে উন্নত অসম গড়ে তোলা। এক দশকে অসমের অর্থনীতি তিন গুণ বে়ডেছে। জাগিরোডে সেমিকন্ডাক্টর ইউনিটের কথা উল্লেখ করে হিমন্ত বলেন, অসম চা থেকে চিপ-এ পৌঁছেছে। দেশের প্রধান শিল্পগুলির জন্য অসম নিজেকে প্রধান গন্তব্য হিসেব প্রতিষ্ঠিত করেছে, বলেন হিমন্ত।
হিমন্ত বলেন, উগ্রপন্থার জন্য অসম কয়েক দশক ক্ষতিগ্রস্ত হয়েছে, এ ছাড়া ভারতের অন্যান্য রাজ্যের মতো অসম প্রাকৃতিক সুবিধা পায়নি, কিন্তু এখন অসমের উন্নয়ন মডেল কাজ করছে। পরিকাঠামো, বিনিয়োগ এবং আর্থিক বৃদ্ধির দিকে এগিয়ে চলেছে অসম, বলেন হিমন্ত বিশ্ব শর্মা।
অসমে সাম্প্রতিক বন্যা নিয়ে হিমন্ত বলেন, শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, কৃষিজমি, গৃহপালিত জীবজন্তু। কিন্তু বন্যার্ত মানুষ এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্নির্মাণ, পুনর্বাসনে অর্থের কোনও অভাব হবে না। তিনি জানান, ১ নভেম্বর থেকে একমাস ব্যাপী একটি অভিযান চলবে অসমে, যা করা হবে বাল্যবিবাহ এবং বহুবিবাহ চিহ্নিত করতে। এই দুটি বিষয় অসম থেকে দূর করতেই হবে।