নিউজ ডেস্ক: কাজিরঙার রঙাজানে ভয়ংকর পথ দুর্ঘটনায় আহত ৭ জনের চিকিৎসা চলছে যোরহাট মেডিক্যালে। এর মধ্যে আশঙ্কাজনক পরিস্থিতিতে আহত ৫ জন রয়েছেন আইসিইউতে। তাঁদের মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। জানিয়েছেন যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট মানবজ্যোতি গোহাঁই।
শুক্রবার কাজিরঙায় ভয়ংকর পথ দুর্ঘটনায় এপর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। তীব্র গতিতে একটি যাত্রীবাহী ট্রাভেলার ধাক্কা মারে কন্টেনার বহনকারী ট্রাককে।
মানবজ্যোতি গোহাঁই জানান, দুর্ঘটনার পর ২০ জন আহতকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং ১৭ জন এখনও জেএমসিএইচ-এ ভর্তি আছেন।
তিনি বলেন, এই ১৭ রোগীর মধ্যে সাতজন আইসিইউতে ভর্তি আছেন এবং তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বাকি ১০ জন সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন।
শনিবার ভোরে গুয়াহাটি থেকে কার্ডিওথোরাসিক সার্জারি ও নিউরোসার্জারি বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল টিম এসে সব রোগীকে পরীক্ষা করে।
মানবজ্যোতি জানিয়েছেন, আগত বিশেষজ্ঞরা জেএমসিএইচ-এ প্রদত্ত চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া রোগীদের আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তবে তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
তিনি আরও বলেন, যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয়, তবে আমরা তার জন্য প্রস্তুত আছি।
জেএমসিএইচ-এর সুপারিনটেনডেন্ট নিশ্চিত করেছেন যে, শুক্রবার দুজন রোগী মারা যান এবং শনিবার সকালে আরও একজনের মৃত্যু ঘটেছে। এর ফলে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনে।
এদিকে, কাজিরঙায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শোক পালনের অংশ হিসেবে ‘নগাঁও ট্রাভেলার্স ইউনিয়ন’ একদিনের জন্য পরিবহণ পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করায়, শনিবার নগাঁও জেলায় যাত্রী পরিবহণ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে।
দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশের জন্যই ইউনিয়নটি এই সিদ্ধান্ত নিয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন ‘এমপি ট্রাভেলস’-এর সঙ্গে যুক্ত আব্দুল মজিদ এবং প্রতিষ্ঠানের সহকারী সুভাষ দাস।