নিউজ ডেস্ক: দুবছর আগে আগে, ঢাকায় ক্ষুব্ধ জনতা যখন তাঁর বাসভবনে চড়াও হয়, তখন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক বিমানে করে ভারতের মাটিতে এসে পৌঁছন। এখন, হাসিনা জানিয়েছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসতে চান। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি এই পরিকল্পনার সঙ্গে একমত হলেও তারা চায়, আওয়ামী লিগ প্রধানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার জন্য একটি সুষ্ঠু বিচারের সুযোগও যেন থাকে।
বিবিসি বাংলার প্রতিবেদন, যা বাংলাদেশের প্রায় এক ডজন সংবাদমাধ্যমেও উদ্ধৃত হয়েছে, অনুযায়ী, নয়াদিল্লি বেশ কিছুদিন ধরেই হাসিনার নির্বাসন থেকে ফিরে আসার একটি উপায় তৈরির জন্য কাজ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই শর্তগুলো আওয়ামী লিগ প্রধানের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাঁর ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা দেবে।
এদিকে, শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিবেদনটির সত্যতা নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়েছিল, খবর শোনা যাচ্ছে যে, ভারত চায় বাংলাদেশ যেন একটি সামরিক বিমান পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি থেকে ফিরিয়ে নিয়ে যায়। এ ছাড়া, ভারত নাকি এমন নিশ্চয়তাও চেয়েছে যে, শেখ হাসিনাকে যেন তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হয় এবং ২০২৪ সালের দমন-পীড়নের ঘটনায় নতুন করে বিচারের মুখোমুখি করা হয়। এ বিষয়ে কি কোনও নিশ্চিত তথ্য বা কোনো যোগাযোগ হয়েছে?
এই প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এবিষয়ে আমার কিছু বলার নেই।”
শুক্রবার ফেসবুকে পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক দাবি করেন যে, শেখ হাসিনাকে আশ্রয় দিতে কোনও দেশই আগ্রহ দেখায়নি”।
নাজমুল লিখেছেন, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ, কাতার, এমনকি আফ্রিকার কোনও একটি দেশও একজন ‘গণহত্যাকারী’কে আশ্রয় দিতে ইচ্ছুক নয়।
তিনি আরও বলেন, সহজ কথায়, শেখ হাসিনার জন্য একের পর এক পথ বন্ধ হয়ে যাচ্ছে। তিনি যোগ করেন যে, শেখ হাসিনা এখন তৃণমূল পর্যায়ের আওয়ামী লিগ কর্মী ও সমর্থকদের রক্তের ওপর ভর করে শেষ উপায় হিসেবে বাংলাদেশে ফিরে আসতে চাইছেন।
বাংলাদেশ সরকারের সঙ্গে হাসিনার প্রথম যোগাযোগ
৯ নভেম্বর হাসিনা নতুন পাসপোর্ট ও ভ্রমণ নথিপত্রের জন্য আবেদন করেন। নির্বাসনে যাওয়ার পর বাংলাদেশ সরকারের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে ঢাকা থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি; বরং কিছু নেতা দাবি তুলেছেন যে, ভারত যেন তাঁকে প্রত্যর্পণ করে।
বাংলাদেশের একটি আদালত হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং ঢাকা বারবার তাঁকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত এই অনুরোধের প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করেনি, যার ফলে শেখ হাসিনা ভারতেই রয়েছেন।
হাসিনা ঘোষণা করেছেন যে, তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, এই ঘোষণার পেছনে নয়াদিল্লির নীরব সম্মতি রয়েছে।
২০২৪ সালে শেখ হাসিনা যখন ভারতে পৌঁছন, তখন রাষ্ট্রপ্রধান হিসেবে এবং নয়াদিল্লির মিত্র হওয়ার সুবাদে তিনি সহজেই আশ্রয় পান এবং ভারতের অতিথি হিসেবে থাকার সুযোগ লাভ করেন।
তাকে প্রত্যর্পণের জন্য ঢাকার দাবি দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা সৃষ্টি করেছে। আগস্ট মাসে হাসিনার প্রথম সরাসরি বক্তব্যের পর বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে একটি পূর্বনির্ধারিত সফর বাতিল করে দেয়।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির নীতিনির্ধারকরা মনে করেন, ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লিগ যদি বাংলাদেশে নিজেদের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করতে চায়, তবে হাসিনাকে অবশ্যই দেশে ফিরে ব্যক্তিগতভাবে দলের দায়িত্ব নিতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে আশ্রয় নেওয়া বিদেশি অতিথিদের, যাঁদের মধ্যে হাসিনাও রয়েছেন, সঙ্গে ভারত নিয়মিত আলোচনা বা ‘ডিব্রিফিং’ সেশন করে থাকে। এসব আলোচনার মাধ্যমেই তাকে তার দেশে ফেরার বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে অবহিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, উভয় পক্ষের মধ্যে একটি ‘সমঝোতা’ হওয়ার পরই হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ্যে ঘোষণা করেন।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতের অনীহার মূল কারণ শেখ হাসিনার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক।
গত বছর ডিসেম্বরে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছিলেন, শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সঠিক মানবিক দৃষ্টিভঙ্গিই দেখিয়েছে, কারণ, যিনি বহু বছর ধরে ভারতের ভালো বন্ধু ছিলেন, তাকে জোর করে ফেরত পাঠানো ঠিক হত না।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সহজ করার জন্য নয়াদিল্লির দুটি প্রধান শর্ত রয়েছে।
প্রথম শর্তটি হল, তাঁকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর একটি সামরিক বিমানে করে ভারতে পৌঁছন। প্রতিবেদন অনুযায়ী, ভারত এখন চায় যে, তাঁকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব সেই একই প্রতিষ্ঠান (বাংলাদেশ সেনাবাহিনী) গ্রহণ করুক।
বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই প্রক্রিয়া আকাশপথ বা স্থলপথে সম্পন্ন হতে পারে। বাংলাদেশ তাঁকে দিল্লি থেকে ফিরিয়ে আনার জন্য একটি সামরিক বিমান পাঠাতে পারে, অথবা স্থল সীমান্তের কোনও নির্দিষ্ট স্থানে সেনাবাহিনী তাঁকে গ্রহণ করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় লজিস্টিক বা আনুষ্ঠানিক ব্যবস্থাপনার জন্য নয়াদিল্লি প্রস্তুত রয়েছে।
দ্বিতীয় শর্তটি বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভারত চায় ঢাকা যেন শেখ হাসিনাকে তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেয় এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে তাঁর বিচার নতুন করে পরিচালনার নিশ্চয়তা দেয়।
বিবিসি বাংলা ভারতের পররাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমরা জেনে-বুঝে তাঁকে ফাঁসির মঞ্চে তুলে দেওয়ার জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা নিশ্চিত করতে চাই যে, তিনি যেন একটি নতুন ও সুষ্ঠু বিচারের সুযোগ পান। ওই আধিকারিক আরও ইঙ্গিত দিয়েছেন যে, ভারত চায় এই পুরো বিচার প্রক্রিয়াটি যেন আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারির মধ্যে সম্পন্ন হয়।
বিবিসি বাংলা আরও জানিয়েছে যে, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ভারত বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে কথাবার্তা চালিয়ে যাচ্ছে।
এই প্রক্রিয়ায় সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করে বিবিসি বাংলা জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লিতে এক আকস্মিক সফরে গিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ভারতীয় সামরিক বাহিনীর একটি উচ্চপদস্থ সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, সাধারণত বাংলাদেশে নিযুক্ত আমাদের হাইকমিশনারের দিল্লিতে এসে সেনাপ্রধানের সঙ্গে দেখা করার কোনও কারণ থাকার কথা নয়— যদি না বিশেষ কোনো পরিস্থিতির কারণে তেমন কোনও বিশেষ প্রয়োজন তৈরি হয়।
বিবিসি বাংলার উদ্ধৃত ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছে যে, এই বৈঠকের সঙ্গে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিষয়টি যুক্ত রয়েছে।
দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক শীতল থাকা সত্ত্বেও, সামরিক বাহিনীগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। ভারত এই মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে নিশ্চিত করতে চায় যে, শেখ হাসিনার প্রত্যাবর্তন যেন সুপরিকল্পিত হয় এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত থাকে।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, সামরিক সূত্র বলেছে, ভারত নিশ্চিত করতে চায় যে, শেখ হাসিনা দেশে ফেরার পর যেন তাঁর নিরাপত্তা কোনওভাবেই ঝুঁকির মুখে না পড়ে। আমরা চাই বা না চাই, এই মুহূর্তে সেই দায়িত্ব ভারতের কাঁধেই এসে পড়েছে।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির নানা প্রচেষ্টার কথা শোনা গেলেও, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।
সংবাদমাধ্যমটির উদ্ধৃত ভারতীয় আধিকারিক মনে করছেন, বাংলাদেশ সরকার প্রকাশ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বললেও, বাস্তবে তারা হয়তো তাঁকে আর ফিরে পেতে চায় না। কারণ, দেশটি বর্তমানে নানা সমস্যা ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে; এমতাবস্থায় শেখ হাসিনার প্রত্যাবর্তন ঢাকার জন্য নতুন করে ভোগান্তিই বাড়াবে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, নয়াদিল্লি মনে করে, পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনা ফিরে আসতে না পারলেও ভারতের তেমন কোনো ক্ষতি হবে না। সাউথ ব্লকের একটি সূত্র উদ্ধৃত করে বিবিসি বাংলা জানিয়েছে, অন্তত আমরা তখন বলতে পারব যে, শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখিয়ে তা হতে দেয়নি।