নিউজ ডেস্ক: সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এফআইআর করেছে কংগ্রেস। এফআইআর করা হয়েছে শিমলার বয়লেগঞ্জ থানায়।
শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) এবং তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারাও যুক্ত হয়েছে এফআইআরে। শিমলার পুলিশ সুপার গৌরব সিংহ জানিয়েছেন, ঘটনার তদন্ত হবে।
অভিযোগকারী দাবি করেছেন, কঙ্গনা সমাজমাধ্যমে কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলেছেন।
প্রসঙ্গত, সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশিত হওয়ার পর গান্ধী পরিবারের আশির দশকের একটি পারিবারিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিয়োয় দেখা গিয়েছে ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, মানেকা গান্ধী এবং শিশু রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীকে।
ওই ভিডিয়ো সম্পর্কে কঙ্গনা লেখেন, ‘একেবারে শেষে দেখা যায়, বাকিরা সবাই চলে যাচ্ছেন। কিন্তু মানেকা থেকে যান। ইন্দিরা গাঁধীর দিকে তাকিয়ে থাকেন এক আহত, অসহায় শিশুর মতো— যেন একটু সান্ত্বনা খুঁজছেন, স্বীকৃতির আশায় অপেক্ষা করতে থাকেন। কিন্তু কিছুই আসে না। শুধু শীতল উপেক্ষা। মনে হয় প্রত্যেকেই এক রহস্যময় বিদেশির অঙ্গুলিহেলনে চলছিলেন। বিদেশের একটি ক্যাফেতে রাজীব গাঁধীর সঙ্গে আকস্মিক পরিচয় হয়েছিল ওই রহস্যময় বিদেশির। ইন্দিরা গাঁধী ছোট ছেলে সঞ্জয়কে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তৈরি করছিলেন। কিন্তু রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়। সঞ্জয়ের অল্পবয়সি, অসহায় বিধবা স্ত্রী মানেকাকে কোনও যুক্তিসংগত কারণ ছাড়াই তাঁর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তার কিছু দিন পরেই একের পর এক খুন হন শাশুড়ি ও স্বামী। শেষ পর্যন্ত সেই রহস্যময় বিদেশি সনিয়া গান্ধীই সরকারের শীর্ষ পদে পৌঁছোলেন! বাহ্! কী দারুণ ব্যাপার!