কাজিরঙার দুর্ঘটনা স্থল পরিদর্শন হিমন্তর

40

নিউজ ডেস্ক: কাজিরঙার রঙাজানে ট্রাভেলার-ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ২৬ জনের। দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ যাত্রীবাহী একটি ট্রাভেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কন্টেনার বহনকারী ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ যাত্রীর। জখম-আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের। মৃতদের মধ্যে রয়েছে ১৪ জন মহিলা, ১১ জন পুরুষ ও একটি শিশু।
অসমের মন্ত্রী অতুল বরা জানিয়েছেন, কাজিরঙার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩ জনের ময়নাতদন্ত গোলাঘাটে এবং বাকি তিনজনের ময়নাতদন্ত যোরহাটে করা হবে।
নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, যাতে পরিবারগুলো মরদেহগুলো নিজ নিজ বাড়িতে নিয়ে যেতে পারে।
অতুল বরা বলেছেন, যোরহাট মেডিক্যালে তিনজন মারা গেছেন। তারা গুরুতর আহত ছিলেন। বর্তমানে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৬— যার মধ্যে ১৪ মহিলা, ১২ পুরুষ এবং একজন শিশু।
গোলাঘাট জেলার রংজানে হাতিখুলি চা বাগানের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। গোলাঘাট থেকে নগাঁওগামী একটি ট্রাভেলার জাতীয় সড়ক ৭১৫-এর ওপর একটি কন্টেনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহত ব্যক্তিদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যদিকে প্রশাসন চিকিৎসা এবং ময়নাতদন্ত সংক্রান্ত প্রক্রিয়ার সমন্বয় করছে।
হাসপাতালে ভর্তি হওয়া ২০ জন আহতের মধ্যে তিনজনের মৃত্যুর পর, বর্তমানে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
এখন পর্যন্ত শনাক্ত হওয়া মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন— জ্যোতি মাঝি, দর্পণা মাঝি, ১২ বছর বয়সী অনুরাগ গোয়ালা, মিনিবাস চালক আব্দুল মজিদ, সহকারী সুভাষ, রশিদ আলি, হাফিজা খাতুন, ফারহানা ইয়াসমিন, কে আর লোভো, আমজাদ আলি, বুলবুল আলি, বেবি কর্মকার, দামিনী ঘাটোয়ার এবং দীপাঞ্জলি রংফার।
নিহতদের মধ্যে বিহারের ৩৮ বছর বয়সি মহাম্মদ রফিক আলিও রয়েছেন। তাঁর বাড়ি বিহারের মধুবনী জেলার তুফানপুরে।
মৃতদের মধ্যে নয়জন নগাঁও জেলার এবং একজন কার্বি আংলং জেলার বাসিন্দা ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজিরঙার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃত ব্যক্তিদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সমাজমাধ্যমে ঘোষণা করেছে যে, আহত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও কাজিরঙার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।