বরাকের উন্নয়নে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা কৃষ্ণেন্দু, কৌশিকের

32

নিউজ ডেস্ক: বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নে শিলচরের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় বরাক উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রাইয়ের। বরাকের কোথায়, কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান কিভাবে করা যায়, সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
বরাক উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েই বরাকের উন্নয়নে জোর দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তারই অঙ্গ হিসেবে আরও একধাপ এগোলেন মন্ত্রী। বরাকের সামগ্রিক উন্নয়নে কি কি করণীয়, তার একটা সম্যক ধারণা নিতে বরাকের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনায় বসেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রাই।
মত বিনিময় সভায় বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়ন, জনস্বার্থ সংলগ্ন গুরুত্বপূর্ণ বিষয় ও জেলার উন্নয়নমূলক কর্মসূচী নিয়ে আলোচনা হয়। অসম সরকারের বরাক ভ্যলি ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেন্টের উদ্যোগে রবিবার শিলচরের কাছাড় ক্লাবে ‘কাছাড় জেলার উন্নয়ন, জনদাবি ও জনকল্যাণমূলক উদ্যোগ’ শীৰ্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। জেলার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে উন্নয়নের বিভিন্ন দিক বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

মন্ত্ৰী কৌশিক রাই
সাংসদ পরিমল শুক্লবৈদ্য
বিধায়ক রাজদীপ রায়
বিধায়ক কিশোর নাথ
বিধায়ক আমিনুল হক লস্কর
বিধায়ক রাজদীপ গোয়ালা
বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ
বিধায়ক অমিয় কান্তি দাস

সভায় জেলার পরিকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা ও বরাক উপত্যকার সামগ্ৰিক প্ৰগতির উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশিষ্ট নাগরিকদের মতামত ও পরামৰ্শকে অগ্ৰাধিকার দিয়ে উন্নয়নমূলক পরিকল্পনাগুলো যাতে আরও বেশি করে কাৰ্যক্ষম করা যায়, তার উপর জোর দেন উপস্থিত অতিথিবৃন্দ। অভিভাবক মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল জানান, বরাক উপত্যকার উন্নয়নকে তরান্বিত করতে সরকার ও জনগণের মধ্যে সমন্বয় বাড়াতেই এই মতবিনিময় সভার আয়োজন।

বিশিষ্ট নাগরিকদের মতামত নিতে আলোচনা সভা বসলেও, বরাকের উন্নয়নে আদৌ গতি আসবে তো? প্রশ্ন বরাকের বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজকর্মীদেরও।