নিউজ ডেস্ক: ধেমাজির অসম-অরুণাচল প্রদেশ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ অসমের ১১ যুবক। তার মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। সোমবার অসমের গোগামুখ রাজস্ব চক্রের অন্তর্গত মিংমাং বাদাতি এলাকায় সংঘর্ষ ঘটে।
আহত এক গ্রামবাসী বলেছেন, আমরা কাজ করছিলাম। সেই সময় উর্দি পরে একদল অরুণাচলি এসে বলে, এটা অরুণাচলের জমি, এই জমির অধিকার আমাদের। আমরা কিছু বলার আগেই ওরা গুলি ছুড়তে শুরু করে। আমাদের মধ্যে আট-নয়জন কোনক্রমে পালিয়ে যেতে সক্ষম হয়।
গুলিবিদ্ধ ১১ জনের মধ্যে রয়েছেন দুর্গেশ্বর পাতির, রোহিত দোলে, নাগরাজ দোলে, বিগ্নেশ্বর পাতির, পেম পেগু, সঞ্জয় তায়ুং, উৎপল দোলে এবং জান দোলে। গুলিবিদ্ধ কয়েকজনকে এখনও শনাক্ত করা যায়নি।
গুলিবিদ্ধ ১১ জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় গোগামুখ গ্রামীণ হাসপাতালে। এরপর সাতজনকে পাঠানো হয় ধেমাজি হাসপাতালে। তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের পাঠানো হয়েছে ডিব্রুগড়ের আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
মিংমাং বাদাতি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এখানে শুধু অরুণাচল প্রদেশের সাধারণ মানুষ নয়, পুলিশ আধিকারিকরা মাঝে মধ্যে এসে অত্যাচার করে। সোমবার পুলিশের উর্দি পরে একদল লোক গুলি চালিয়েছে। অসম পুলিশ জানিয়েছে, আমরা তদন্ত করছি। অরুণাচল প্রদেশ পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এটা দুই রাজ্যের সংঘর্ষ নয়। স্থানীয় স্তরে সংঘর্ষ হয়েছে। আমাদের শিক্ষামন্ত্রী কথা বলছেন অরুণাচল প্রদেশের শিক্ষামন্ত্রীর সঙ্গে, এ ছাড়া মুখ্যসচিব কথা বলেছেন অরুণাচল প্রদেশের মুখ্যসচিবের সঙ্গে। বিষয়টা মিটে গেছে।
অসম ও অরুণাচল প্রদেশের মাঝে সীমান্ত রয়েছে ৮০০ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে। এর মধ্যে কিছু জায়গা নিয়ে বিবাদ চলছে বহুকাল ধরে।