কোলাঘাটে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

22

পৃথা দাশগুপ্ত,কলকাতা: কোলাঘাটে জরুরি অবতরণ করানো হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টার। সেখান থেকে সড়কপথে কেশপুরের সভার উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রীর। যদিও শোনা যাচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেও এই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

আজ একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রথমে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করার কথা তাঁর। সেখান থেকে বাঁকুড়ায় যাবেন তিনি। বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। দমদম বিমানবন্দর থেকে আকাশ পথে কেশপুর হয়ে বাঁকুড়া যাওয়ার কথা ছিল তাঁর। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছন শুভেন্দু অধিকারী ।

একটা সূত্র জানাচ্ছে, কপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ।‌ তড়িঘড়ি কর্তৃপক্ষ বিষয়টা খতিয়ে দেখার পর সেই কপ্টারেই কেশপুরের পথে রওনা হন মুখ্যমন্ত্রী। আচমকা কোলাঘাট এলাকায় জরুরি অবতরণ করে কপ্টারটি।

খারাপ আবহাওয়ার কারণেই নাকি পশ্চিম মেদিনীপুরে অবতরণ করতে পারেনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার। বাধ্য হয়ে ফিরে এসে কোলাঘাটে বলাকা মঞ্চের মাঠে জরুরি অবতরণ করে। তারপর সেখান থেকে গাড়ি করে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী ।