অমরনাথ যাত্রা রবিবার থেকে উভয় পথেই স্থগিত করা হয়েছে

27


নিউজ ডেস্ক : ৩ জুলাই শুরু হয়েছিল ৫৭ দিনের অমরনাথ যাত্রা, শেষ হওয়ার কথা ছিল ২৮ আগস্ট। জম্মু ও কাশ্মীরে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মৌসমভবন ৷ খারাপ আবহাওয়ার জেরে রবিবার থেকে স্থগিত অমরনাথ যাত্রা। কর্তৃপক্ষ ঘোষণা করে রবিবার থেকে অনন্তনাগ জেলার চন্দনওয়ারি রুট এবং গান্দেরবাল জেলার বালতাল রুট আপাতত দুই পথেই যাত্রা স্থগিত। পবিত্র গুহা মন্দিরে যাত্রাকারী তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শনিবার গভীর রাতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। কাশ্মীর অঞ্চলের বালতাল এবং নুনওয়ান চন্দনওয়ারি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর সামনের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না; পাশাপাশি জম্মুর ভগবতী নগর যাত্রীনিবাস থেকেও তীর্থযাত্রীদের কোনও দলকে যাত্রার অনুমতি দেওয়া হবে না। জম্মুর এক সরকারি মুখপাত্র বলেছেন, আবহাওয়া দফতরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে, শ্রীমাতা বৈষ্ণোদেবী যাত্রাও সাময়িকভাবে স্থগিত রাখা হবে। ভূমিধস, কাদা ধস, পাথর খসে পড়া এবং আকস্মিক বন্যার মতো ঘটনা ঘটতে পারে। ভূমিধস-প্রবণ এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে ৷