অসমের বন্যাকে জাতীয় সমস্যা বিবেচনার দাবি কংগ্রেসের

39

নিউজ ডেস্ক: অসমে ফি বছরের বন্যাকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনার দাবি কংগ্রেসের। এই দাবি নিয়ে অসম কংগ্রেসের প্রতিনিধি দল স্মারকপত্র জমা দিয়েছে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের কাছে। শুধু বন্যা নয়, অসমের বিভিন্ন দীর পাড় ভাঙার বিষয়টিকেও জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করা উচিত, দাবি কংগ্রেসের।
রাজ্যপাল লক্ষ্ণণ প্রসাদ আচার্যের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর কাছে দাবি জানিয়েছে কংগ্রেস।
স্মারকপত্র অনুযায়ী, অসমের প্রায় ৪০ শতাংশ এলাকা, ৩১ লক্ষ হেক্টর ভূমি বন্যাপ্রবণ। ব্রহ্মপুত্র ও বরাক নদীতে প্রচুর পলি জমা, অতিরিক্ত বৃষ্টি, নদীর পাড় ভাঙা এবং আবহাওয়া পরিবর্তনের ফলে অসমের বন্যা ভয়ংকর আকার নিচ্ছে।
ফি বছরের বন্যা শুধু অসমের সাধারণ মানুষ নয়, অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলে। কৃষিজমি ও জীবিকা ক্ষতিগ্রস্ত, কৃষক, দিনমজুর, চা-শ্রমিক এবং লক্ষ লক্ষ পরিবার বন্যায় ক্ষতির সম্মুখীন।
অসম কংগ্রেসের যুক্তি যে বন্যার মূল কারণ এবং তার ব্যাপকতা এতই বিশাল যে এই সমস্যা সমাধান রাজ্য সরকারের ক্ষমতার বাইরে। এজন্যই কেন্দ্রীয় হস্তক্ষেপ দরকার। অসমের বন্যার স্থায়ী ও বিজ্ঞানভিত্তিক সমাধান কেন্দ্রীয় সরকারের সক্রিয় সহায়তা ছাড়া সম্ভব নয়।