রাহুলের সভায় মেলোনি-মন্তব্যের নিন্দা হিমন্তর

44

নিউজ ডেস্ক: রচনাত্মক কংগ্রেস সম্মেলনে রাহুল গান্ধীর ভাষণের মাঝে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নামোল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ইঙ্গিত করে মেলোনি-কটাক্ষের তীব্র নিন্দা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সমাজমাধ্যমে হিমন্ত লিখেছেন শালীনতার সব সীমা অতিক্রম করেছে বিরোধীরা।
রচনাত্মক কংগ্রেসের জাতীয় সম্মেলনে নরেন্দ্র মোদীর বিদেশনীতির সমালোচনা করেন রাহুল গান্ধী। বিভিন্ন দেশের নেতাকে মোদীর আলিঙ্গনের সমালোচনা করেন লোকসভার বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রীর বিদেশনীতির কটাক্ষ করে তিনি কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতকে জড়িয়ে ধরেন। তখন রসিকতা করে সন্দীপ দীক্ষিত বলেন, আশা করি আপনি আমাকে মেলোনি বলে জড়িয়ে ধরেননি। এর উত্তরে তখনই রাহুল গান্ধী বলেন, আমি এখনও সেই স্তরে যাইনি।
এই ঘটনার তীব্র প্রতিবাদ করে হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, কংগ্রেসের পারিবারিক নেতৃত্ব বন্ধু দেশের এক মহিলা নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করেছে আর তখন মঞ্চে আসীন মহিলা এবং দর্শকরা হাসছিলেন। এটা শুধু রাজনৈতিক অশালীনতা নয়, এটা ভারতের বৈদেশিক সম্পর্কে অন্তর্ঘাতের প্রচেষ্টা। যখন মহিলাদের অসম্মান করা বিনোদনের বিষয় হয়ে ওঠে, এর ফলে বোঝা যায় কোন সংস্কৃতিকে উৎসাহ দেওয়া হচ্ছে। হতাশাজনক, লজ্জাজনক, লিখেছেন হিমন্ত।
রাহুল গান্ধী ভারতের বিদেশনীতির সমালোচনা করে ভাষণে বলেন, অন্যান্য দেশের নেতাদের সঙ্গে শুধু বন্ধুত্ব করাই সঠিক বিদেশনীতি নয়। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, আপনি কোনও বন্ধুর বাড়ি যাচ্ছে না। ভারতের প্রধানমন্ত্রীর কারও সঙ্গে নিছক বন্ধুত্বের প্রয়োজন নেই। আপনার বন্ধুত্বে তাঁদের কোনও আগ্রহ নেই। তাঁদের কাজ তাঁদের দেশকে রক্ষা করা। আমি জানি না আপনি কোথা থেকে এই আলিঙ্গনের ধারণা পেয়েছেন। আপনার সম্ভবত মনে হয় যে আলিঙ্গন করাই বিদেশনীতি, কটাক্ষ রাহুল গান্ধীর।