আর্বান নয়, এবার মোদীর মুখে দিমাগি নকশাল

7

নিউজ ডেস্ক: এতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে আর্বান নকশাল শব্দবন্ধ শোনা যেত। কিন্তু ৮০তম স্বাধীনতা দিবসে মোদীর মুখে শোনা গেল নতুন শব্দবন্ধ, দিমাগি নকশাল।
মোদী বলেন, জঙ্গলে যেসব সশস্ত্র নকশাল ছিল তাদের নির্মূল করা হয়েছে। কিন্তু এখনও দিমাগি নকশাল রয়েছে, যারা ক্ষমতা দখল করতে চায়। তাদের চিহ্নিত এবং জনসমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। এর ফলে দেশের তরুণ প্রজন্ম একত্রিত হয়ে উন্নত ভারত তৈরি করতে পারে।
মোদীর কথায়, দেশের বিভিন্ন প্রান্তকে লাল সন্ত্রাস বন্দুকের মুখে পণবন্দি করে রাখত। মানুষকে রক্ষা করতে সশস্ত্রন নকশালদের দূর করতে সাড়ে তিন হাজারের বেশি জওয়ান প্রাণ দিয়েছে। ৮০ বছর আগে দেশের স্বাধীনতার জন্য মানুষ প্রাণ দিয়েছিলেন আর এখন নকশালবাদের জন্য মানুষকে প্রাণ দিতে হচ্ছে, বলেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে আমরা ক্ষমতায় আসার সময় শপথ নিই দেশকে নকশালের হাত থেকে রক্ষা করব। আমি খুশি যে এখন নকশালবাদ মুমূর্যু, মৃত্যুর দিন গুনছে। যেসব এলাকা আগে নকশাল-অধ্যুষিত ছিল, এখন সেখানে উন্নয়ন হচ্ছে। বহু বছর ধরে নকশাল মানসিকতার লোকরা ক্ষমতার অলিন্দে ছিল। তারা সরকারের বিভিন্ন কমিটিতে পরামর্শদাতা হিসেবে থাকত। মাওবাদী চিন্তাভাবনা বিভিন্ন নীতিতে প্রভাব ফেলত। আমরা সশস্ত্র নকশালদের নির্মূল করেছি, কিন্তু এখনও দিমাগি নকশাল থেকে গেছে। তারা সুযোগ পেলেই হিংসা, অস্থিরতা তৈরি করে। তারাই সমাজকে ভুল পথে নিয়ে যায়। এসব দিমাগি বা বৌদ্ধিক নকশালদের চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে, বলেন প্রধানমন্ত্রী মোদী।