পালাবদলের পর প্রথমবার বঙ্গে নিতিন নবীন

31

পৃথা দাশগুপ্ত: পালাবদলের পর প্রথমবার নিতিন নবীন বঙ্গে। সাংগঠনিক কৌশলের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। দু’দিনের সফরে রাজ্যে ঠাসা কর্মসূচি।‌ রবিবার রাজ্য নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক। সদ্য দিল্লিতে আরএসএসের সঙ্গে বিজেপির সমন্বয় বৈঠকের পরই নীতিন নবীনের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।

কী কী কর্মসূচি রয়েছে তাঁর?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মোদির ‘মন কি বাত’ শোনার পর দলের রাজ্য পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক। বৈঠকে বিভাগ কনভেনর, রাজ্যের মোর্চার সভাপতি, সাংসদ, জেলা ইনচার্জ, জেলা সভাপতি, আইটি, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া ইনচার্জরা উপস্থিত থাকবেন। বৈঠক রয়েছে দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে। বৈঠক রয়েছে রাজ্যের মন্ত্রীদের সঙ্গেও। শেষ বৈঠকটি রয়েছে দলের কোর কমিটির সঙ্গে। নিতিন নবীনের প্রতিটা বৈঠকেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন।

কী কী নিয়ে আলোচনার সম্ভাবনা?

পুজো মিটলেই পুরভোট। পুরভোটের আগে বাংলায় দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনাও করা হবে।সরকার এবং দলের মধ্যে কীভাবে সমন্বয় রেখে চলতে হবে, সেই আলোচনাও হবে।‌ শাসকদল হিসেবে বাংলায় বিজেপি নেতাদের ভূমিকা কী হবে। তাঁদের আচরণ কি হবে সেটাও স্পষ্ট করে দেবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বঙ্গ বিজেপির সাংগঠনিকস্তরে বড়সড় রদবদল প্রক্রিয়া সদ্য শেষ হয়েছে। নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়েছে। তাই নতুন দায়িত্বপ্রাপ্তদের নিয়ে নিতিনের প্রথম বৈঠকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সংগঠন নিয়ে একাধিক গাইড লাইন ও বার্তাও দেওয়ির সম্ভাবনা । সোমবারও বেশ কিছু কর্মসূচি রয়েছে। সূত্রের খবর, নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন প্রচারেও যেতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।