সতর্কতা সত্ত্বেও গিয়েছিলেন শৃঙ্গের চূড়ায়! নেপালে তুষারধসে নিখোঁজ পর্বতারোহীর দল

48

নিউজ ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না নেপালের। ফের এভারেস্টের দেশে দুর্যোগে নিখোঁজ ১০। আজ সকালে ভয়াবহ তুষারধস নামে নেপালে। দেশটির মানাং জেলার তিব্বত সীমান্ত সংলগ্ন পার্বত্য অঞ্চলে তুষারধসে নিখোঁজ ৮ পর্বতারোহী ও তাঁদের ২ সহযোগী।

৭,১২৬ মিটার উচ্চতার দুর্গম ‘হিমলাং হিমল’ শৃঙ্গের বেস ক্যাম্পের কাছে আচমকাই এই বিপর্যয় ঘটে। ‘কাঠমান্ডু পোস্ট’ সূত্রে জানা গেছে, নিখোঁজদের মধ্যে রয়েছেন বিদেশি পর্বতারোহীর দল ও তাঁদের স্থানীয় সহযোগী। ভৌগোলিকভাবে হিমলাং হিমল অত্যন্ত দুর্গম ও বিপজ্জনক শৃঙ্গ হিসেবেই পরিচিত। সেখানে ট্র্যাকিং করা সাধারণ নয়। সেখানে পৌঁছোতে আলাদা করে হেলিকপ্টারে ভ্রমণের অনুমতি নিতে হয়।

বিপর্যয়ের সত্যতা নিশ্চিত করেছে ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’। ইতিমধ্যে সেখানে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। ঠিক কোন জায়গায় আরোহীরা আটকে রয়েছেন, তা জিপিএস ও ট্র্যাকিংয়ের মাধ্যমে বোঝার চেষ্টা চলছে। তবে প্রতিকুল আবহাওয়ার দরুণ বার বার ব্যাঘাত ঘটছে উদ্ধার অভিযানে।

এদিকে, বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে তিব্বত সীমান্ত বরাবর পর্বতমালায় প্রবল তুষারপাত ও টানা বৃষ্টিপাত চলছে। আবহাওয়ার অবনতি ঘটায় ইতিমধ্যেই পর্যটকদের উদ্দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অভিযানের অন্যতম আয়োজক মিংমা গিয়ালজে শেরপা জানিয়েছেন, গত সপ্তাহে ওই এলাকায় দুর্যোগের পূর্বাভাস এসেছিল। তখনই পর্বতারোহীদের দল এবং তাঁদের সহযোগীরা নিরাপদ স্থানে নেমে গিয়েছিলেন। কিন্তু কয়েক জন তার পরেও স্বেচ্ছায় থেকে যান। তাঁরাই দুর্ঘটনার কবলে পড়েন।

উল্লেখ্য, ২৬ আগস্ট নেপালের ভোটেকোশী নদীর বিধ্বংসী হড়পা বানে নিশ্চিহ্ন হয়ে যায় একাধিক জনপদ। তিব্বত সীমান্ত ঘেঁষা এলাকায় সেই প্রাকৃতিক দুর্যোগে প্রায় ১,৫০০ মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। সেই ঘটনার রেশ কাটাতে না কাটতেই আবারও দুর্যোগ হিমালয়ের দেশে। মানাঙের তুষারধসের ঘটনায় নজর রেখেছে নেপাল সরকার। উৎকণ্ঠায় রয়েছে নিখোঁজদের পরিবার।