অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের তদন্তে এবার লালবাজার

35

পৃথা দাশগুপ্ত,কলকাতা:কালীঘাটের রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি । হেনস্তার মুখে পড়তে হয় পুলিশকে। এমনকী পুলিশকে চড় মারা হয় বলেও অভিযোগ।

এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এরপরেই ঘটনার তদন্তভার নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। এলাকায় গন্ডগোল পাকানো এবং পুলিশকে হেনস্তায় ধৃত তিনজনকে ঘটনাস্থলে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।

ধৃত তিনজনকে জেরা করে ঘটনায় আর কারা কারা যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। এরই মধ্যে আজ সকালে ধৃত তিনজনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় নিয়ে যান পুলিশ আধিকারিকরা। একেবারে কড়া পুলিশের ঘেরাটোপে চলে ঘটনার পুনর্নির্মাণ।

গত শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। অভিযোগ, ঘটনায় পটুয়াপাড়ার একাধিক মৃৎশিল্পী ক্ষতিগ্রস্ত হন। নষ্ট হয় একাধিক মূর্তি এবং কাজের বিভিন্ন সামগ্রী। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু অভিযোগ, সেই সময় পুলিশকে হেনস্তা করেন অভিষেক অনুগামীরা।

শুক্রবার রাতের ঘটনায় মোট চারটে মামলা হয়েছে কালীঘাট থানায়। যার মধ্যে দুটি স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, ”আমি কারও নামে অভিযোগ করব না। হিরো করতে চাই না। পুলিশকে চড় মারলে কিংবা উদ্যত হলে, চোখ দেখালে, মারতে গেলে কিংবা হুমকি দিলে যে ধারায় মামলায় হওয়া উচিৎ, সেই ধারাতে সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিৎ । পুলিশ আহত হয়েছে। শারীরিক পরীক্ষাও করা হয়েছে। সরকারি কাজে বাধাদানের ভিডিয়ো দেখে দেখে যাঁদের নামে মামলা করার ছিল তা করেছে। ঘটনায় চার্জশিট হবে, কাস্টডি ট্রায়ালও হবে। কাউকে ছাড়া হবে না।”