বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে জমি ও বাড়ি দখলের অভিযোগ

29

নিউজ ডেস্ক: ‘জিরো টলারেন্স’-এর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে তাঁরই দলের বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধেই জমি ও বাড়ি দখল করে রাখার অভিযোগ উঠেছে। বিজেপি বিধায়কের বিরুদ্ধে সোমবার জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নালিশ জানিয়েছেন হিঙ্গলগঞ্জের স্বামী কেশবানন্দ মহারাজ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের লেবুখালিতে তাঁর বাড়ির ১২টি ঘর ভাড়া নিয়েছিলেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করা স্বামী কেশবানন্দ মহারাজের অভিযোগ, প্রথম দু’মাস, মার্চ-এপ্রিল ভাড়া দেওয়ার পর, ৩ মাস হয়ে গেল আর কোনও ভাড়া দেননি।
রেখা পাত্র ফোন ধরছে না। তাঁর স্বামী গালাগালি দিচ্ছে বলে অভিযোগ করেন স্বামী কেশবানন্দ মহারাজ। তিনি বলেন, তৃণমূলের সময়ে রেখা পাত্রকে কেও বাড়িভাড়া দিতে চাইনি। তিনি তাঁকে একমাত্র সেই সময় ভাড়া দিয়েছিলেন। স্বামী কেশবানন্দ মহারাজে দাবি করেন রেখা পাত্র হয় তাঁর বাড়ি ভাড়া মিটিয়ে দিক না হয় ১ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে তাঁর বাড়িটি কিনে নিক। অথবা তাঁর বাড়ি ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে রেখা পাত্র জানিয়েছেন, শারীরিক অসুস্থতা ও পা ভাঙার কারণে তিনি এতদিন বিধানসভায় গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেননি, ফলে তাঁর বেতন চালু হয়নি। বেতন শুরু হলেই সমস্ত বকেয়া মিটিয়ে দেবেন। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করতেই এই ধরনের মিথ্যা অভিযোগ রটানো হচ্ছে বলে দাবি রেখার। শুধু তাই নয় পাল্টা রেখা পাত্রের অভিযোগ, স্বামী কেশবানন্দ মহারাজের ওই বাড়িতে অনৈতিক কাজ হত। ‘ওই বাড়িতে কী ধরনের কাজকর্ম চলত, লেবুখালি এলাকার মানুষ সব জানেন।’ তবে বিজেপি বিধায়ক রেখা পাত্র তাঁর বাড়ি ভাড়া না দিতে পারার অভিযোগ মেনে নিয়েছেন।