তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে তাণ্ডব, বেলেঘাটার অফিসে ভাঙচুর

32

পৃথা দাশগুপ্ত,কলকাতা: বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের পার্টি অফিসে ভাঙচুর। তাণ্ডব তাঁর বাড়ির সামনেও। বুধবার মধ্য রাতের ঘটনা। কুণাল ঘোষের অভিযোগ, কিছু দুষ্কৃতী এসে হামলা চালিয়েছে। প্রথমে তাঁর বাড়ির গেটে ধাক্কাধাক্কি করে। এরপরে তাঁর পার্টি অফিসে ভাঙচুর করে। ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়, বোর্ড ভেঙে ফেলা হয় বলে অভিযোগ।

বুধবার রাতে কুণাল ঘোষের বাড়ি ও অফিসের সামনে হঠাৎ বিক্ষোভ দেখাতে শুরু করে কিছু দুষ্কৃতি। এরপর তাঁর বাড়ির গেটে ধাক্কাধাক্কি করা হয়। বেলেঘাটা বিধানসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালানো হয়। কুণাল ঘোষের অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তাঁর আবাসনের গেটে গিয়ে ধাক্কাধাক্কি করে। তিনি ওই সময়ে বাড়িতে ছিলেন না। এরপরই দুষ্কৃতীরা তাঁর অস্থায়ী কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়। তালা বন্ধ ওই পার্টি অফিসে লাগানো ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। বোর্ড ভেঙে ফেলা হয়েছে।

উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবেই তাঁর বাড়ি ও অফিসে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন কুনাল ঘোষ। তিনি আরো জানান , তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশকে জানানো হলেও অফিশিয়ালি পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি।