স্টাফ রিপোর্টার: সকাল হতেই বাচ্চারা স্কুলে যাচ্ছে পিঠে ৪-৫কেজির বোঝা নিয়ে। বোঝার ভারে পিঠ বেঁকে যাওয়ার উপক্রম। ব্যাগ ভর্তি বই, খাতা নিয়ে ব্যাগের ওজন বাড়িয়ে আমাদের বাচ্চারা রোজ এভাবেই স্কুলে যায়। কিন্তু এবার থেকে এই রীতির বদল ঘটবে।
এবার থেকে ছাত্র-ছাত্রীদের ব্যাগের ওজন নির্ধারিত থাকবে। নির্ধারিত ওজনের বেশি ওজন নেওয়া যাবে না। এমনটাই নির্দেশ রাজ্যের শিক্ষা দফতরের।
প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল ব্যাগের ওজন নির্ধারণ করে দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। এ সংক্রান্তে প্রতিটি জেলায় নির্দেশ জারি করেছেন শিক্ষা আধিকারিক।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য স্কুল ব্যাগের নির্ধারিত ওজন ১.৫কেজি
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য স্কুল ব্যাগের নির্ধারিত ওজন ২-৩কেজি
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য স্কুল ব্যাগের নির্ধারিত ওজন ৪কেজি
অষ্টম ও নবম শ্রেণির জন্য স্কুল ব্যাগের নির্ধারিত ওজন ৪.৫কেজি
দশম শ্রেণির জন্য স্কুল ব্যাগের নির্ধারিত ওজন ৫কেজি
সরকারি, বেসরকারি ও প্রাদেশীকৃত সব স্কুলগুলিকেই এই নির্দেশ মানতে হবে। কামরূপ মেট্রোর জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক দীপিকা চৌধুরী কামরূপের সব স্কুলে এই নির্দেশ জারি করেছেন।
স্কুলে যেতে পড়ুয়াদের যাতে অতিরিক্ত ওজন বইতে না হয়, সে কারণেই এই নির্দেশ বলে জানান দীপিকা চৌধুরী। এখন থেকে স্কুলগুলিতে মাঝে মধ্যেই হানা দেবে শিক্ষা আধিকারিকরা। তাঁরা গিয়ে দেখবেন, আদৌ শিক্ষা দফতরের এই নির্দেশ মানা হচ্ছে কিনা।
সরকারি, বেসরকারি সব স্কুলগুলিকে এই নির্দেশ মানতে আবেদন জানান দীপিকা চৌধুরী। আবেদন না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক।
রাজ্য শিক্ষা দফতরের এমন নির্দেশে বইয়ের ভারে এখন থেকে আর পিঠ নুইয়ে যাবে না পড়ুয়াদের, আশাবাদী অভিভাবকরা।