পৃথা দাশগুপ্ত, কলকাতা: গ্রেফতার হতে পারেন অতীন ঘোষ। মেয়ে প্রিয়দর্শিনী সহ প্রাক্তন ডেপুটি মেয়রকে তলব বিধাননগর উত্তর থানায়। আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ অতীন।
জমি দুর্নীতি, জোর করে জমি দখল, ৫০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তৃণমূল নেতা অতীন ঘোষের বিরুদ্ধে। এই মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি। এই ঘটনায় কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। একদিকে এই মামলার দ্রুত শুনানির আবেদন পাশাপাশি পুলিশের পদক্ষেপের বিরুদ্ধেও উচ্চ আদালতে অতীন ঘোষ।
জোর করে জমি দখলের অভিযোগ উঠেছে অতীন ঘোষ ও তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষের বিরুদ্ধে। শুধু তাই নয়, ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। হোটেল মালিকের অভিযোগ, জোর করে অল্প টাকা দিয়ে তাঁর সম্পত্তি কেড়ে নেওয়া হয়। ঘটনাটি প্রগতি ময়দান থানা এলাকার। কিন্তু পরে এই অভিযোগ যায় বিধাননগর উত্তর থানায়। ওই থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। ইতিমধ্যেই পুলিশ বাবা এবং মেয়েকে তলব করেছে।
মঙ্গলবার অতীন ঘোষের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানিয়েছেন, জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় অতীন ঘোষ এবং তার পরিবারকে অকারণে জড়ানো হয়েছে। এমনকি, ক্যানসার আক্রান্ত এক সদস্যও হয়রানির শিকার। তাই অতীন ঘোষের এই মামলাটির দ্রুত শুনানি করার আর্জি জানানো হয়। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা দায়েরের অনুমতি দেন। এই সপ্তাহেই অতীন ঘোষের মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।