হাইকোর্টে বড় ধাক্কা কালীঘাট তৃণমূল শিবিরে, এখনও অনিশ্চিত ৪৪০ কোটির ভবিষ্যৎ

43

পৃথা দাশগুপ্ত, কলকাতা: হাইকোর্টে বড় ধাক্কা কালীঘাট তৃণমূল শিবিরে। পার্টি ফান্ড মামলায় দ্রুত শুনানির আবেদনে খারিজ করে দিল হাইকোর্ট। এখনও অনিশ্চিত ৪৪০ কোটির ভবিষ্যৎ।

প্রায় ৪৪০ কোটির অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকায় বিপদে কালীঘাট তৃণমূল শিবির। একাউন্ট ফ্রিজের ব্যাপারে কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু, সেই মামলার দ্রুত শুনানির আর্জিতেও সাড়া দিল না কলকাতা হাইকোর্ট।

এই মামলায় সোমবার সব পক্ষকে নোটিস দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হলেও সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, মামলা হবে তালিকা মেনেই। কাউকেই কোনও বাড়তি সুবিধা দেওয়া হবে না।

তৃণমূল কংগ্রেসের তহবিল নিয়ে অভিযোগের ভিত্তিতে তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের ১০ জন বিধায়ক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল ৪৪০ কোটির ওই তহবিলের কোনও স্বচ্ছতা নেই। এরপরই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। আপাতত অ্যাকাউন্ট থেকে লেনদেন সব বন্ধ। সেই অ্যাকাউন্ট পুনরায় চালু করতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল।

অন্যদিকে, কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, তিনি কয়েকদিন থাকছেন না। আগামী ২ জুলাইয়ের আগে যেন এই মামলার শুনানি না হয়, সেই আর্জি জানিয়েছেন তিনি।