মৃন্ময় শর্মা, কাটলিছড়াঃ নেতা-মন্ত্রীর দেখা নেই, একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে তাই স্থানীয়রাই জাতীয় সড়ক সংস্কারের কাজে লেগে পড়লেন। হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় বিরল এই দৃশ্য দেখা গেল রবিবার।
কাটলিছড়া টেলিফোন এক্সচেঞ্জ থেকে বাগান বাইপাস পর্যন্ত জাতীয় সড়কের সংস্কারের কাজ প্রায় এক বছর আগে সম্পন্ন হলেও, এক বছর পূর্ণ হওয়ার আগেই রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ও ত্রুটিপূর্ণ কাজের জন্যই এত অল্প সময়ে রাস্তার এই বেহাল অবস্থা হয়েছে। বারবার অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি। তাই শেষপর্যন্ত বাধ্য হয়ে নিজেরাই রাস্তার গর্ত ভরাটের কাজে নেমে পড়েন স্থানীয়রা।
হাতে-হাতে কোদাল-শাবল, সিমেন্ট, বালি নিয়ে রাস্তা মেরামতে নেমে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়দের মতে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ।
কাটলিছড়া বাসীর আশা সম্প্রতি বিধানসভায় নতুন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাই, দ্রুত জাতীয় সড়কের স্থায়ী সংস্কার কাজ শুরু হবে এবং এবার উন্নত মান বজায় রেখে রাস্তা নির্মাণ করা হবে। আলগাপুর-কাটলিছড়ার বিধায়ক জুবেইর আনম জাতীয় সড়কের সংস্কার নিয়ে কী পদক্ষেপ নেন দেখার বিষয় এখন এটাই।