মিস্টু দত্ত, শ্রীভূমি: পোষ্য কুকুরের মৃত্যুতে শোক। প্রচণ্ড মানসিক অবসাদে ভুগছিলেন এক যুবক। অবশেষে আত্মহত্যা। মর্মান্তিক এই ঘটনায় সীমান্ত শহর শ্রীভূমিতে তীব্র চাঞ্চল্য। সবার মনে একটি প্রশ্ন, কুকুরের জন্য কি কেউ আত্মহত্যা করতে পারে?

শনিবার রাতদুপুরের ঘটনা। শহরের নীলমণি রোডে কীটনাশক পান করে আত্মহত্যা করেন দ্বীপায়ন সেন নামে এক যুবক। আত্মহত্যার কয়েক মুহূর্ত আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। তাতে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার মার্লি ও সিজারের সঙ্গে দেখা করতে চাই।’ বিষয়টি টের পেয়ে পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে যান দ্বীপায়নকে। কিন্তু তাঁকে বাচানো যায়নি।
আদৌ কি পোষ্য কুকুরের মৃত্যুর জন্য আত্মহত্যা? নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? যতটুকু খবর নিয়ে জানা গেল, কুকুরের প্রতি দ্বীপায়নের বিশেষ ভালোবাসা ছিল। পথ কুকুরদের চিকিৎসা, পরিচর্যা করতে ভালোবাসত সে। নিজের বাড়িতেও ছিল অনেক কুকুর। এমনকি একটি সংস্থাও খুলেছিলেন তিনি। শহরে কোথাও কোনও কুকুর অসুস্থ হলে সবার আগে ছুটে যেতেন দ্বীপায়ন। কিছুদিন আগেই তার বাড়িতে থাকা দুটি কুকুরের মৃত্যু হয়। এরপরই মানসিকভাবে ভেঙে পড়েন ওই যুবক। অবশেষে আত্মহত্যা। এই ঘটনায় হতবাক গোটা শহর।