“প্রতিটি বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি দেশে ফিরবো” শেখ হাসিনা

33

নিউজ ডেস্ক: ঘটনা ২০২৪ সালের অগস্ট মাস বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তীব্র হয়ে ওঠে। পতন হয় হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ২০২৪ সালেই ৫ অগস্ট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে আসেন হাসিনা। তার পর থেকে তিনি ভারতেই রয়েছেন। প্রায় দু’বছর পর এ বার তিনি বাংলাদেশে ফেরার কথা জানালেন। ভারতের সংবাদমাধ্যম NDTV কে। একটি সাক্ষাৎকারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করা হয় তিনি কী দেশে ফিরতে চান ? হাসিনা জানান “ব্যক্তিগত কোনও আশা-আকাঙ্ক্ষার জন্য দেশে ফিরতে চাইছি না,
তিনি বলেন, “ব্যক্তিগত কোনও আশা-আকাঙ্ক্ষার জন্য দেশে ফিরতে চাইছি, এমন নয়। এখানে প্রশ্নটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের, আইনের শাসন প্রতিষ্ঠার এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বাঁচিয়ে রাখার। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে।”
হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা চলছে বাংলাদেশে। একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে হাসিনা বলেন “আমার বিরুদ্ধে দেওয়া রায়টি ন্যায়বিচার নয়। এটি একটি বেআইনি, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়ার অংশ। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার লক্ষ্যে বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অতীতেও এমন প্রচেষ্টা চালানো হয়েছে। তখন তারা ব্যর্থ হয়েছিল, ভবিষ্যতেও ব্যর্থ হবে।” এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগপ্রকাশও করেছেন হাসিনা। তাঁর অভিযোগ, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মতোই বিএনপি সরকার সংখ্যালঘুদের উপর ‘অত্যাচারের’ বিষয়টি অস্বীকার করছে। বাংলাদেশের পাঁচ বারের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা বলেছেন, “প্রতিটি বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এই বছরেই আমার দেশে ফিরব।” তিনি আরো বলেন “আওয়ামী লীগ কোনো ‘কাগজি’ সংগঠন নয়। এটি এমন এক রাজনৈতিক শক্তি যার শেকড় বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার ইতিহাস এবং বাঙালি জাতির সত্তার গভীরে প্রোথিত। ৭৭ বছরের দীর্ঘ যাত্রাপথে আওয়ামী লীগ বহুবার আক্রমণের শিকার হয়েছে, বহুবার রক্ত ​​দিয়েছে এবং বহুবার নিষিদ্ধ হয়েছে। কিন্তু প্রতিবারই জনগণের শক্তির ওপর ভর করে দলটি ঘুরে দাঁড়িয়েছে।”