বড় স্বস্তি হাসিরানি রথের, কংগ্রেসের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের

36

পৃথা দাশগুপ্ত,কলকাতা: স্বস্তিতে নন্দীগ্রামের উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরানি রথ। মনোনয়নে ভুল তথ্য দেওয়ার অভিযোগে উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে কংগ্রেস। সেই মামলা এবার খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও-এর সিঙ্গল বেঞ্চ।

হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ ছিল, বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামায় উল্লেখ রয়েছে, তাঁর জন্ম সাল মোটামুটি ১৯৬৫। একইসঙ্গে এও উল্লেখ করেছেন, ১৯৬৫ সালে চৌখালী গঙ্গা পদ্মা মিলন কন্যা বিদ্যাপীঠ স্কুলে দশম শ্রেণির ছাত্রী ছিলেন। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। কংগ্রেসের অভিযোগ, জন্মেই কি করে বিজেপি প্রার্থী মাধ্যমিক পরীক্ষা দিলেন?

পাশাপাশি কংগ্রেস জানায়, ওই স্কুল ১৯৬৩ সালে পথ চলা শুরু করে। ১৯৬৩ সালে ওই স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করানো হত। ১৯৭৩ সালের দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর সরকারি অনুমোদন পায় ওই স্কুল।

হাসিরানি রথের মনোনয়ন বাতিলের দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়েছিল। মনোনয়নে ভুল তথ্য দেওয়ার অভিযোগে, মনোনয়ন বাতিলের অধিকার থাকে রিটার্নিং অফিসারের। সেক্ষেত্রে রিটার্নিং অফিসার কেন তা করেননি, তা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন কংগ্রেসের আইনজীবী।

পাল্টা কমিশনের দাবি, মনোনয়ন স্ক্রুটিনির সময় কেন অভিযোগ করা হয়নি? মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনার। সব পক্ষের শুনানির পর শুক্রবার রায়দান স্থগিত রাখেন কলকাতা হাইকোর্ট বিচারপতি কৃষ্ণা রাও।

আজ মামলার শুনানিতে কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছেন কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ। ফলে বড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসি রানী রথ।