গৃহযুদ্ধে উত্তপ্ত মায়ানমার, পশ্চিম রাখাইনে বোমাবর্ষণ

47

নিউজ ডেস্ক: এবার নিজেদের মানুষের উপরেই হামলা চালালো মায়ানমার সেনা। বিমান হামলায় স্তব্ধ রাখাইন। ভস্মীভূত পশ্চিম রাখাইনের বাজার। সোমবার দুপুরে আচমকাই পশ্চিম রাখাইনের বাজারে বোমাবর্ষণ হয়। পরপর দুটি বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে যায় দোকানপাট, বাড়িঘর। কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্রোহী আরাকান আর্মির ঘাঁটি বলে দাবি করে এই হামলা চালায় ক্ষমতায় থাকা জুন্টা সেনা। সামরিক শাসনের অধীনে থাকা মায়ানমারে এই ধরনের হামলা অবশ্য নতুন নয়। আরাকান আর্মির প্রকাশিত তথ্য অনুযায়ী—দুটি যুদ্ধবিমান থেকে আকাশপথে হামলা চলে, বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি সেতুও। বিস্ফোরণের জেরে যানবাহনে থাকা মানুষেরও প্রাণ গেছে। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মৃতদেহ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে, এই হামলা নিয়ে স্পষ্টভাবে এখনো কোনও মন্তব্য করেনি মায়ানমার সেনা। তদন্ত চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। যে এলাকায় বোমাবর্ষণ হয়েছে, সেটি অত্যন্ত ব্যস্ত একটি বাজার। মায়ানমারের বিভিন্ন প্রান্তের বহু ব্যবসায়ী এই বাজারে জমায়েত হন। আর সেই বাজারেই চালানো হল ভয়াবহ বোমা হামলা। রাখাইন প্রদেশে বিদ্রোহী আরাকান আর্মির প্রভাব রয়েছে। সেই কারণেই এই অঞ্চলে প্রায়শই জুন্টা সেনার হামলা চলে বলেও অভিযোগ। এবার সেরকমই একটি হামলার খেসারত দিল নিরপরাধ কিছু মানুষ।