বিজেপি-আজমলকে তোপ গৌরব গগৈয়ের

18

নিউজ ডেস্ক: নগাঁও লোকসভা উপনির্বাচনের আবহে বিজেপি ও এআইইউডিএফ প্রার্থী বদরউদ্দিন আজমলের তীব্র সমালোচনা অসম কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের।
বিজেপি এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর মধ্যে গোপন আঁতাঁতের অভিযোগ তুলেছেন গৌরব গগৈ। তিনি দাবি করেন যে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখনই কোনও রাজনৈতিক সংকটের মুখে পড়েন, তখনই তিনি এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের শরণাপন্ন হন।
কংগ্রেস প্রার্থী শিবমণি বরার সমর্থনে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় গৌরব গগৈ বলেন, হিমন্ত ঠিক যেন ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার মতোই আজমলকে তলব করেন।
গৌরব গগৈ ধুবড়িতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আজমলের পরাজয় এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ শালমারায় তাঁর হারের প্রসঙ্গও উল্লেখ করেন।
নগাঁও উপনির্বাচনে আজমলের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি উল্লেখ করে গৌরব গগৈ বলেন, এখন হিমন্ত বিশ্ব শর্মা এআইইউডিএফ-এর পাংচার হয়ে যাওয়া টায়ারে হাওয়া ভরার চেষ্টা করছেন।”
বিজেপি প্রার্থী দেবাশিস শর্মাকেও নিশানা করেন গৌরব। তাঁর অভিযোগ, জেলা কমিশনার থাকাকালীন দেবাশিস শর্মা নিরীহ মানুষদের বাংলাদেশে ‘ঠেলে পাঠিয়ে’ দিয়েছিলেন এবং উচ্ছেদ অভিযানের মাধ্যমে বাসিন্দাদের হয়রানি করেছিলেন।
মাদ্রাসা ও উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে বিজেপি-নেতৃত্বাধীন সরকারের নীতির সমালোচনা করেন গৌরব গগৈ এবং ‘ভুয়ো এনকাউন্টার’-এর অভিযোগও করেন।
হিমন্তর বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ এনে গৌরব বর্তমান সরকারের সঙ্গে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সরকারের তুলনা টানেন; তিনি উল্লেখ করেন যে, তরুণ গগৈ তাঁর ১৫ বছরের কার্যকালে শান্তি ও সম্প্রীতি বজায় রেখেছিলেন।
গৌরব শিবামণি বরাকে সমর্থন করার আহ্বান জানান এবং তাঁকে সাহসী ও নিবেদিতপ্রাণ নেত্রী হিসেবে অভিহিত করেন। তিনি নেলি হত্যাকাণ্ডের সময় শিবমণির প্রয়াত পিতা কিরণ বরার ভূমিকার কথাও স্মরণ করেন এবং দাবি করেন যে, প্রাক্তন এই বিধায়ক হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছিলেন।
অসম জাতীয় পরিষদ-এর সভাপতি লুরিনজ্যোতি গগৈ এবং সিপিআই(এম)-এর প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন তালুকদারও জনসভায় বক্তব্য রাখেন এবং অভিযোগ করেন যে বিজেপি গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে।
নগাঁও উপনির্বাচন ৬ অক্টোবর এবং ৯ অক্টোবর ভোট গণনা করা হবে। অসম বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস সাংসদ প্রদ্যুত বরদলৈ লোকসভা থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ায় এই উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছিল। পরে প্রদ্যুৎ বরদলৈ দিশপুর বিধানসভা আসনে জয়ী হন।