SRFTI-এর ঘটনায় সিট গঠন

3

পৃথা দাশগুপ্ত: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে রবিবার এস আর এফ টি আই -তে গন্ডগোল। এই ঘটনায় সিট গঠন স্বরাষ্ট্র দফতরের। ৫ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সিট -এর নেতৃত্বে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) কুণাল আগরওয়াল। তদন্তকারী দলে রয়েছেন কলকাতা পুলিশ ও সি আই ডি আধিকারিকরাও। বৃহস্পতিবারের মধ্যে প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। ইতিমধ্যেই এস আর এফ টি আই- কাণ্ডে ৩টি পৃথক মামলা রুজু হয়েছে। সেই মামলার তদন্ত করবে সিট।

রবিবার সকালে এসআরএফটিআই-এ এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত । তাদের দাবি, কর্তৃপক্ষের অনুমতি নিয়েইএই সভা চলছিল। ১০টার সময় সভা শুরু হ‌ওয়ার কিছু পরেই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং সভায় উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে , এই অভিযোগ জানিয়ে আপত্তি তোলেন পড়ুয়াদের একাংশ। প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ থেকে শুরু করে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছয়।

পড়ুয়া এবং শিক্ষকদের উপর চড়াও হওয়ার অভিযোগ এবিজিপি-র বিরুদ্ধে। পড়ুয়াদের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তুলেছেন সংগঠনের সদস্যেরা। সোমবার সকাল পর্যন্ত এলাকা থমথমে ছিল। আজও মোতায়ন রয়েছে পুলিশ। এই ঘটনার আবহে এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসআরএফটিআই-এর ঘটনায় পঞ্চসায়র থানায় তিনটি পৃথক মামলা রুজু হয়েছে। সেই এফআইআরগুলির ভিত্তিতে ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। সিটের নেতৃত্বে কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান। এ ছাড়াও তদন্তকারী দলে রয়েছেন গোয়েন্দা বিভাগের ডিসি (ডিসিডিডি) স্পর্শ নীলাঙ্গী, রাজ্য গোয়েন্দা বিভাগের (সিআইডি) ডিএসপি পদমর্যাদার আধিকারিক কৌশিক ঘোষ। এ ছাড়া সলিল রায়, তুষারকান্তি ঘোষ এবং হীরক দলপতি নামে কলকাতা পুলিশের তিন উচ্চপদস্থ আধিকারিক।