হিমন্তর শপথে মার্কিন রাষ্ট্রদূত, উঠছে প্রশ্ন

13

১৩ মে ২০২৬, গুয়াহাটি: হিমন্তর শপথে মার্কিন রাষ্ট্রদূত! মঙ্গলবার গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার টানা দ্বিতীয়বার শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরকে। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে বিদেশি রাষ্ট্রের প্রতিনিধির উপস্থিতি প্রোটোকলের মধ্যে পড়ে না, তবে এ বিষয়ে কোনও বিধিনিষেধ নেই।
গুয়াহাটির শপথ অনুষ্ঠান নিয়ে মার্কিন রাষ্ট্রদূত গোর লিখেছেন, আমেরিকা ও অসমের মধ্যে বহু বাণিজ্যিক অংশীদারী রয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এমন অনেক কিছু করতে পারব, যাতে দু’টি রাষ্ট্রই লাভবান হবে। শপথ অনুষ্ঠানের পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করেন গোর।
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপির জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথা ভেঙে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এ বার ভারতের কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূতকে দেখা গেল। বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে বিতর্ক শুরু হলেও নয়াদিল্লি এখনও এ বিষয়ে মুখ খোলেনি।
সাধারণ রীতি হল, দু’টি রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। তবে তিস্তা চুক্তি নিয়ে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।