প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদব। প্রতীক অখিলেশ যাদবের বৈমাত্রেয় ভাই, তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়মের দ্বিতীয় পত্নী সাধনা গুপ্তের পুত্র।
বুধবার ভোরে তাঁকে অচৈতন্য অবস্থায় লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮ বছর। প্রতীকের মৃত্যু নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন প্রতীক। কয়েক সপ্তাহ আগে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল তাঁকে। অবস্থার সামান্য উন্নতি হলে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। লখনউ সিভিল হাসপাতালের অধিকর্তা জিপি গুপ্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন ভোর ৫টা নাগাদ প্রতীকের অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের একটি টিম প্রতীকের বাড়িতে যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালেও নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ভোর ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতীক যাদব।
রাজনৈতিক পরিবারে বড় হলেও রাজনীতির ময়দাতে প্রতীককে খুব একটা দেখা যায়নি। ব্রিটেনে উচ্চশিক্ষা শেষ করে জমি-বাড়ির প্রমোটারি ব্যবসায় নামেন তিনি। ২০১১ সালে বিয়ে করেন অপর্ণা বিস্তকে।