প্রোটেম স্পিকার তাপস রায়, বুধবার মুখ্যমন্ত্রীর শপথ

30

১২ মে ২০২৬, কলকাতা: প্রোটেম স্পিকার হিসেবে পশ্চিমবঙ্গের লোকভবনে শপথ নিলেন তাপস রায়। ১৩, ১৪ ও ১৫ মে ২৯৩ বিধায়ককে শপথ পাঠ করাবেন প্রোটেম স্পিকার। প্রথমে মুখ্যমন্ত্রীকে শপথ পাঠ করাবেন। এরপর ৫ মন্ত্রীকে শপথ পাঠ করানো হবে। তারপর বাকি বিধায়কদের শপথ পাঠ। দলের বর্ষীয়ান বিধায়ককেই প্রোটেম স্পিকার করার রীতি। এতদিন সংসদীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা তাপস রায়ের। এবার তিনি মানিকতলা থেকে বিজেপির প্রার্থী হিসেবে জিতেছেন। প্রোটেম স্পিকার পদে তাঁকে শপথ পাঠ করান রাজ্যপাল আর এন রবি।

বুধবার এবং ১৪ মে বৃহস্পতিবার দুই দফায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ১৩ মে প্রথম দফায় সকাল ১১টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত শপথ নেবেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা। এরপর কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ ও মুর্শিদাবাদ-সহ উত্তরবঙ্গের ৯টি জেলার বিধায়কদের শপথ হবে। এদনিই বিকেলে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার।

বৃহস্পতিবার সকালের অধিবেশনে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়কদের শপথ গ্রহণ। শেষ পর্বে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম-সহ বাকি জেলার সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হবে।

শপথ গ্রহণের সময় প্রত্যেক বিধায়ককে তাঁদের নির্বাচনে জয়ের আসল শংসাপত্র সঙ্গে রাখতে হবে। এছাড়াও, পরিচয়পত্রের জন্য প্রত্যেককে চার কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি আনতে বলা হয়েছে। বিধায়কদের সঙ্গীদের জন্যও রয়েছে নির্দেশিকা। বিধানসভা চত্বরে প্রবেশের জন্য একজন বিধায়ক সর্বোচ্চ দু’জন সঙ্গীকে সঙ্গে রাখতে পারবেন।