বুধ-বৃহস্পতিতে উত্তরবঙ্গে দুর্যোগ, ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

51

বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী ঝড়-বৃষ্টির পূর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র পশ্চিমের কিছু জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। ক্রমশ শুষ্ক আবহাওয়া গরম ও তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।

কলকাতায় সকালে মূলত পরিষ্কার আকাশ, পরে আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে গরম ও অস্বস্তিও বাড়বে। আগামী কয়েক দিন স্থানীয়ভাবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৮৯ শতাংশ।