আস্থা ভোটে জয়ী বিজয়

103

১৩ মে, তামিলনাড়ু: তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন যোসেফ বিজয়। তামিলনাড়ু বিধানসভার ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল TVK ভোট পেয়েছে ১৪৪। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিজয়ের দরকার ছিল ১১৮ ভোট। নির্বাচনের ফল ঘোষণার পর তামিলনাড়ু সরকার গঠন নিয়ে কয়েকদিন টানটান উত্তেজনা ছিল। বিজয়কে সমর্থন করতে এগিয়ে আসে কংগ্রেস, CPIM, CPI ও ইন্ডিয়ান মুসলিম লিগ।


বুধবার তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে বিজয়কে সমর্থন করেন AIDMK-র অন্তত ৫ বিধায়ক। আস্থা ভোটে অংশগ্রহণ করেনি পূর্বতন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের দল DMK। আস্থা ভোটের সময় বিধানসভায় অনুপস্থিত ছিলেন ৪ PMK বিধায়ক ও বিজেপির ১ বিধায়ক। তবে ২২ AIDMK বিধায়ক ভোট দিয়েছেন বিজয়ের বিরুদ্ধে। সব মিলিয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী যোসেফ বিজয় ভোট পেয়েছেন ১৪৪। তামিল রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হল।


সদ্যসমাপ্ত তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে চিরাচরিত দুটি রাজনৈতিক দল DMK ও AIDMK-কে পিছনে ফেলে বিজয়ের দল TVK জিতেছিল ১০৮ আসনে। বিজয় নিজে জিতেছিলেন দুটি আসনে। এ ছাড়া সু্প্রিম কোর্টে মামলা থাকায় বিজয়ের দল এক বিধায়ক আস্থা ভোটে অংশ নিতে পারেননি।