শপথের দিন বিধানসভায় সৌজন্যের ছবি, ‘ভাল লোক…’ বলে শুভেন্দুকে জড়িয়ে ধরলেন হুমায়ুন

35

১৩ মে, ২০২৬, কলকাতা: বিধায়কদের শপথের প্রথম দিনই সৌজন্যের ছবি ধরা পড়ল বিধানসভায়। অষ্টাদশ বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই তাঁর দিকে এগিয়ে যান নওদা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরেন হুমায়ুন। শুভেন্দু অধিকারীও প্রত্যুত্তরে হাসিমুখে হাত মেলান।

পরে ‘মুখ্যমন্ত্রী ভাল লোক…’ বলে শুভেন্দু অধিকারীকে দরাজ প্রশংসায় ভরিয়ে দেন হুমায়ুন। এ দিন প্রোটেম স্পিকার তাপস রায় নওদার বিধায়ক হিসেবে শপথবাক্য পাঠ করান হুমায়ুন কবীরকে। নিজের শপথগ্রহণ অনুষ্ঠানে সবাইকে মিষ্টি মুখ করাতে ৫০০ পিস ছানাবড়া ও ১৫০ পিস মনোহরা নিয়ে বিধানসভায় আসেন হুমায়ুন কবীর।

এ দিন বিধায়ক হিসেবে প্রথম দফায় দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৮০ জন বিধায়ক শপথ নেন। দ্বিতীয় পর্বের শপথগ্রহণ দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা এবং নদিয়ার বিধায়কদের শপথ আজ। বৃহস্পতিবার বাকি বিধায়কদের শপথগ্রহণ। ইংরাজিতে একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। অর্থাৎ সকাল দেখেই বোঝা যায় সারা দিন কেমন যাবে। প্রথম দিনের এই সৌজন্যের ছবি আগামী ৫ বছর অটুট থাকে কি না সেটাই এখন দেখার। বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।