পৃথা দাশগুপ্ত, কলকাতা : তৃণমূলের নাম ও প্রতীক বাঁচাতে কালীঘাট শিবির। ঋতব্রতদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সটান পুলিশের দ্বারে দোলা সেন। অভিযোগ জানানো হয়েছে একাধিক থানায়।
তৃণমূলের নাম ও প্রতীক জালিয়াতি করা হয়েছে। থানায় অভিযোগ কালীঘাট তৃণমূল পন্থীদের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ কালীঘাট তৃণমূল শিবির। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে জালিয়াতি চলছে। যদিও, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির জানিয়েছে তারাই আসল তৃণমূল। আর সেই বার্তা তারা লিখিত আকারে নির্বাচন কমিশনেও জানিয়েছে। এবার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এরইমধ্যে, কালীঘাট তৃণমূলের তরফে একাধিক থানায় অভিযোগ জানানো হয়েছে। তালিকায় রয়েছে, কালীঘাট থানা, নিউটাউন থানা, প্রগতি ময়দান থানা ও সাইবার ক্রাইম থানা। এই অভিযোগ জানিয়েছেন দোলা সেন।
অন্যদিকে, তপসিায় কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। উপস্থিত ছিলেন রাসবিহারীর প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার, অরূপ চক্রবর্তীর মতো একাধিক প্রাক্তন কাউন্সিলর।
তৃণমূল কংগ্রেসের হাতেখড়ি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত সহ বিদ্রোহী শিবিরের সকলেই জানিয়েছেন দিদিই তাদের নেত্রী। কিন্তু, বাস্তবে দেখা যাচ্ছে অন্য চিত্র। ঋতব্রত শিবিরের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ছবি থাকছে না। থাকছে শুধু তৃণমূল কংগ্রেসের প্রতীক। জাতীয় কর্ম সমিতির বৈঠকের পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগামী পুরসভা নির্বাচন নিয়ে একাধিক বৈঠক করছেন। আর পুরসভা নির্বাচনকে পাখির চোখ করেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে।