সোমবারে বিধানসভায় কি পেশ করা সম্ভব হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল?

29

পৃথা দাশগুপ্ত, কলকাতা: পালাবদলের পর নতুন সরকারের বাজেটের শেষ দিন সোমবার। বিধানসভায় চারটি বিল সোমবার পেশ হওয়ার সম্ভাবনা। তবে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত যে বিল পেশ হ‌ওয়ার কথা সোমবার— তা নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে।

বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে নিজের বক্তৃতায় অভিন্ন দেওয়ানি বিধি বিলের কথ আ বলেছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘোষণার পরে দেওয়ানি বিল পেশ করার বিষয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছিল বিজেপি পরিষদীয় দল।‌

নিয়মে আছে, কোনও বিল বিধানসভায় পেশ করতে হলে আগে তার বিজ্ঞপ্তি জারি করে বিলের কপি বিধানসভার সব সদস্যের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে এই শর্ত এখনও পূরণ করা হয়নি।

সোমবার আলাদা করে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে বিজেপি পরিষদীয় দলের পক্ষে অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়ে আলোচনার জন্য এক ঘণ্টা সময় ধরে রাখা হয়েছে। এই সময় আরো বাড়তে পারে যদি বিজেপি পরিষদীয় দলের তরফে আরও বক্তাদের নাম তাঁরা সংযোজন করেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠক ডেকে সোমবারের জন্য যে সূচি তৈরি হয়েছিল, তাতে চারটি বিলের উল্লেখ থাকলেও অভিন্ন দেওয়ানি বিধির বিল বা প্রস্তাবের উল্লেখ নেই। ফলে এই বিল নিয়ে সোমবার কী হবে তাই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।‌

সূত্রের খবর, সোমবার সকালে বিজ্ঞপ্তি জারি করে দুপুরে কার্যবিবরণী কমিটির বৈঠক বসিয়ে রাজ্য সরকার বিধানসভার দ্বিতীয়ার্ধের শেষে অভিন্ন দেওয়ানি বিধির বিলটি পেশ করার সম্ভাবনা । সে ক্ষেত্রে সোমবার‌ই বিলের কপি সমস্ত বিধায়কের টেবিলে পৌঁছে দেওয়া হতে পারে।