অরুণাচলে হড়পা বানে ডুবল জাতীয় সড়ক

29

নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশে হড়পা বানে ব্যাপক প্রভাব। ৪১৫ নং জাতীয় সড়কের বহু এলাকা ডুবে রয়েছে জলের তলায়। শুধু রাস্তা নয়, বিভিন্ন জায়গার পরিকাঠামো, আবাসিক এলাকা ও সরকারির সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া কয়েকটি জায়গায় যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত।
জওহরলাল নেহরু কলেজের আপার ক্যাম্পাসে যাওয়ার লিংক রোডে বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি হয়েছে। এর ফলে কলেজে পঠনপাঠন শিকেয় উঠেছে।
পাসিঘাটে সিলে এবং সিবো করং জলমগ্ন, বহু আবাসিক এলাকা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান জলের তলায় চলে গেছে। বেসং করং নদীর জল ফুলে ওঠায় টাকি লালুং এবং বগং-১ এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত।
হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক রানে চার্চ। প্রভাব পড়েছে লেটং করং সেতুতে। সেতুর একাংশ ভেঙে পড়েছে। যান চলাচল সম্পূর্ণ বন্ধ।
ডেংকাম ঝর্নার জলের স্রোতে ডুবে গেছে লেডুম গ্রাম, বহু ঘরবাড়ি বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত, বাসিন্দারা দাঁড়িয়ে রয়েছে রাস্তায়।
৪১৫ নং জাতীয় সড়কের লেকু ও রানির মধ্যবর্তী রাস্তা ডুবে রয়েছে জলের তলায়। যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত।
ওয়ানে ঘরহারা একজনকে উদ্ধার করেছে জওয়ানরা। চলছে ত্রাণসামগ্রী বণ্টনের কাজ।
লোয়ার ডিবং ভ্যালিতে সিসিরি নদীর জলস্তর বৃদ্ধিতে অন্তত ৭ জন ভেসে গিয়েছিল। এদের মধ্যে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। বৃষ্টির জেরে একটি নৌকা উল্টে যাওয়ায় বিপত্তি।
দিন কয়েক আগে অতিরিক্ত বৃষ্টির জেরে অরুণাচলের পানইয়োরে অন্তত চারজনের মৃত্যু ঘটেছে।