সরকারি স্কুলের শিক্ষক টিউশন পড়ান, যোধপুর পার্ক বয়েজ স্কুলে উত্তেজনা

15

পৃথা দাশগুপ্ত, কলকাতা: সপ্তাহে শুরুর দিন সকাল সকাল যোধপুর পার্ক বয়েজ স্কুলের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। উত্তেজনা, বিক্ষোভ স্কুলের অভিভাবকদের। অভিযোগ , সরকারি নির্দেশ না মেনে স্কুলের এক শিক্ষক প্রাইভেট টিউশন পড়াচ্ছেন । এখানেই থেমে নেই, পড়ুয়াদের টিউশনে পাঠানোর জন্য অভিভাবকদের ক্রমাগত চাপও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভ।‌ তবে পরে তা আবার অন্য দিকে মোড় নেয়। অভিভাবকরাই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন এবং তুমুল উত্তেজনা দেখা দেয় স্কুলের সামনে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। কিন্তু, সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাইভেট টিউশন পড়াচ্ছিলেন যোধপার্ক পার্ক বয়েজ স্কুলের এক শিক্ষক। ছাত্র-ছাত্রীদের তাঁর কাছেই টিউশন পড়ানোর জন্য চাপও দিচ্ছিলেন বলে অভিযোগ করেন অভিভাবকদের একাংশ।

সমস্যার সমাধান করতে স্কুলের বেশ কয়েকজন শিক্ষক মাঠে নামেন। বিক্ষোভকারী অভিভাবকদের সঙ্গে কথা বলতে যান। সেইসময় এক শিক্ষকের উপর অভিভাবকরা চড়াও হন বলেও অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করেন অভিভাবকদের অপরপক্ষ। বিদ্যালয়ের মধ্যে কোন‌ও শিক্ষকের সঙ্গে এরকম আচরণ আদৌ কী করা যায়, প্রশ্ন থেকেই যাচ্ছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারী অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পুলিশ যাওয়ার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।