আরও বিপাকে অভিষেক, কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা

36

পৃথা দাশগুপ্ত, কলকাতা: কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে চিকিৎসার করতে অনুমতি চেয়ে করা মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে এ বারও তাঁর আবেদন গ্রহণ করল না আদালত। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, মামলার দ্রুত শুনানির প্রয়োজন নেই। শুনানি নির্ধারিত তালিকা অনুযায়ীই হবে এবং এ ক্ষেত্রে কোনও বিশেষ সুবিধা দেওয়া সম্ভব নয়।

আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য দ্রুত শুনানির আবেদন জানান। তবে বিচারপতি সেই আর্জি নাকচ করে দেন। বিচারপতির পর্যবেক্ষণ, মামলাটি স্বাভাবিক নিয়মেই তালিকাভুক্ত হবে।

চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি রাজনৈতিক কর্মসূচি সেরে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনায় তাঁর চোখের নীচে গুরুতর আঘাত লাগে। পরবর্তী সময়ে দেশে এবং বিদেশে একাধিকবার চিকিৎসা করাতে হয়েছে তাঁকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আবারও বিদেশে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা করানো প্রয়োজন বলে তিনি আদালতে জানান।

এই উদ্দেশ্যে সাত দিনের জন্য বিদেশ সফরের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা। তাঁর বিদেশযাত্রার উপর সরাসরি কোনও নিষেধাজ্ঞা নেই তবে বিভিন্ন বিচারাধীন মামলায় তাঁর নাম জড়িত থাকায় তদন্তের শর্তাবলি এবং আদালতের নির্দেশ মেনে চলার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কারণেই আদালতের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন।

গত মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে দ্রুত শুনানির অনুরোধ করা হলেও তখনও আদালত একই অবস্থান নেয়। হাইকোর্ট জানিয়েছিল, বর্তমানে নির্ধারিত মামলার চাপের মধ্যে এই মামলাকে অগ্রাধিকার দেওয়ার কোনও কারণ নেই। ফলে নির্ধারিত সময় অনুযায়ীই শুনানি হবে

হাই কোর্টের পর্যবেক্ষণ, মামলাটি এমন কিছু গুরুত্বপূর্ণ নয় যে এক্ষুনি শুনানি করতে হবে। ফলে আদালতের নির্ধারিত ক্রমতালিকা অনুযায়ী মামলাটি কবে ওঠে, তার দিকেই নজর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।