ড্রাইভিং শিখতে গিয়ে গাড়ি সটান পুকুরে, কলকাতায় মর্মান্তিক মৃত্যু মহিলার

47

পৃথা দাশগুপ্ত,কলকাতা: সদ্যই গাড়ি কিনেছিলেন স্বামী কৃষ্ণেন্দু দাস। ড্রাইভিং শিখছিলেন তাঁর স্ত্রী সুমিত্রা দাস। ঘটল বিপত্তি।গ্যারেজ থেকে বের করার সময় সটান গাড়ি গিয়ে পড়ল পুকুরে। পরিণতি মর্মান্তিক। গাড়ির ভিতরেই মৃত্যু হল বধূর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কেষ্টপুরে।

সুমিত্রা দাসের বাড়ি কেষ্টপুরের প্রফুল্ল কানন পশ্চিমে। সদ্যই তাঁর স্বামী একটি চারচাকা কিনেছিলেন। সেটি চালানো শিখছিলেন সুমিত্রা। আজ সকালে মেয়েকে স্কুটার চালিয়ে স্কুলে দিয়ে আসেন সুমিত্রা। ফেরার পর গ্যারেজে স্কুটার রেখে হাত পাকানোর জন্য গাড়ি বের করছিলেন । তখনই ঘটে বিপত্তি। ব্রেকের বদলে অ্যাক্সিলেটরে পা দিয়ে ফেলেন সুমিত্রা। প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ। গাড়ি গড়িয়ে সটান গিয়ে পড়ে পুকুরে। নজরে পড়তেই স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পিছনের দরজা খুলে মহিলা নিজেও বেরনোর প্রাণপন চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দেড় ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।

২২ আগস্ট ড্রাইভিংয়ের পরীক্ষা ছিল মহিলার। সেই কারণেই নিয়মিত প্র্যাকটিস করছিলেন তিনি। এলাকার এক বাসিন্দা বলেন, “উনি কয়েকদিন ধরে গাড়ি চালানো শিখছিলেন। এখানে গ্যারাজ রয়েছে। স্কুটি রেখে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বেরচ্ছিলেন। গাড়িটি হঠাৎ পুকুরে পড়ে মাঝখানে চলে যায়।” শোকোস্তব্ধ গোটা এলাকা। দেড় ঘন্টা পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।