পৃথা দাশগুপ্ত, কলকাতা: নীলরতন সরকার হাসপাতালের শৌচালয় থেকে নার্সের দেহ উদ্ধার হয়। দীর্ঘক্ষণ শৌচালয়ের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় কর্তৃপক্ষের। বন্ধ দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে নার্সের দেহ। পুলিশ সূত্রে খবর, রাতে শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। অনেকক্ষণ ডাকার পরেও কেউ সাড়া দেননি।
হাসপাতালের কর্মীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় এন্টালি থানার পুলিশ। দরজা ভেঙে উদ্ধার করা হয় নার্সের দেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বুধবার রাত আটটায় ডিউটিতে যোগ দেন ওই নার্স। রাত ১০.২০ -র পর ওই নার্স বাথরুমে গিয়েছিলেন। এরপর দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও তিনি না বেরনোয় সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে প্রথমে ডাকাডাকি করে, পরে দরজা ভেঙে নার্সের দেহ উদ্ধার করে।
কিভাবে এই মৃত্যু? শেষ কার সঙ্গে কথা বলেছিলেন ওই নার্স? বিভিন্ন প্রশ্ন উঠছে। পরিবারের সদস্যদের পাশাপাশি, সহকর্মীদের সাথেও কথা বলছেন পুলিশ। মোবাইল ফোনের কল লিস্ট দেখছে পুলিশ। ইতিমধ্যেই শৌচাগার সিল করা হয়েছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবেই এন আর এস এর মত সরকারি হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে।