স্বাধীনতা দিবসে শহিদদের শ্রদ্ধাঞ্জলি হিমন্তর

23

নিউজ ডেস্ক: ৮০তম স্বাধীনতা দিবসে স্বাধীনতা সংগ্রামের শহিদদের শ্রদ্ধাঞ্জলি জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একইসঙ্গে বন্যার্তদের পুনর্বাসনের বিস্তারিত পরিকল্পনাও বলেন তিনি। সরকার ব্যাপক পুনর্বাসন পরিকল্পনা নিয়ে কাজ করছে, যার মূল লক্ষ্য নতুন করে পরিকাঠামো গড়ে তোলা এবং অসমকে বন্যা থেকে দূরে রাখা।
খানাপাড়ায় স্বাধীনতা দিবসের ভাষণে হিমন্ত বিশ্ব শর্মা জোর দেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত পর্যালোচনার ওপর। যত দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকার মূল্যায়ন হবে তত দ্রুত বন্যার্তদের পুনর্বাসন এবং পুনর্নির্মাণের কাজ করা যাবে। এজন্য দরকার শক্তিশালী পরিকাঠামো, অগ্রিম পূর্বাভাস এবং আধুনিক প্রযুক্তি, বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত।
অসমে সাম্প্রতিক বন্যায় মৃত্যু হয়েছে ১০৩ জনের। উজান অসমের শিবসাগর, গোলাঘাট, চরাইদেও ও গোলাঘাট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বন্যার জেরে। হিমন্ত বলেন, ইতিমধ্যে বন্যাক্রান্তদের সরকারি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে যাতে তাঁরা ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কার, গৃহপালিত জীবজন্তু, পোশাক কিনতে পারেন। এ ছাড়া ঋণ পরিশোধের ক্ষেত্রে তিন মাসের মোরাটোরিয়ামের ব্যবস্থা করেছে সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে যাতে এই মুহূর্তে ঋণ পরিশোধ করতে না হয় সেটা গুরুত্ব দিয়ে দেখেছে সরকার।
হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বন্যার্তদের পুনর্বাসন, ঘরবাড়ি সংস্কারের পাশাপাশি সরকার গুরুত্ব দিয়ে পড়ুয়াদের পড়াশোনার বিষয়টি বিবেচনা করেছে। ক্ষতিগ্রস্ত স্কুল এবং ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বিভিন্নভাবে সাহায্য করেছে অসম সরকার। সংকটের এই সময়ে সরকার শুধু ত্রাণ দিয়ে বিরত থাকেনি, আমরা চেষ্টা করেছি প্রতিটি বন্যার্ত পরিবারের পাশে দাঁড়ানোর, তাঁদের স্বাভাবিক জীবনে ফেরাতেই হবে।
হিমন্তর মতে, স্বাধীনতা দিবস শুধু একটি জাতীয় উৎসব নয়। এটা অত্যন্ত পবিত্র দিন, এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য অগুন্তি মানুষের ত্যাগ, সাহস, আত্মবলিদানের কথা। দেশভাগের যন্ত্রণা কখনো ভোলা যাবে না, আর কাউকে ভারতের ক্ষতি করতে দেওয়া হবে না, প্রত্যয়ের সঙ্গে বলেন হিমন্ত।