নিউজ ডেস্ক: টানা দুবছর লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সূত্রে খবর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের সম্মান অনুযায়ী বসার ব্যবস্থা করা হয়নি লালকেল্লার অনুষ্ঠানে।
রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে যাবতীয় বসার ব্যবস্থা করা হয় রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ের নীতি অনুযায়ী। লোকসভার বিরোধী দলনেতার পদমর্যাদা কেন্দ্রীয় সরকারের পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রীর সমান।
সম্মান অনুযায়ী বসার ব্যবস্থা ছিল না বলেই রাহুল-খাড়গে লালকেল্লার অনুষ্ঠানে যাননি, এই খবর ছড়িয়ে পড়ার পরই সামনে এসেছে ২০২৪ সালের লালকেল্লার অনুষ্ঠানে আসন-বিতর্ক। ২০২৪ লোকসভা নির্বাচনের পর বিরোধী দলনেতা হয়েছিলেন রাহুল গান্ধী। সেবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাহুল গান্ধীর জন্য নির্ধারিত ছিল পঞ্চম সারির আসন। এবিষয়ে বিতর্ক হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল যে অনুষ্ঠানে অলিম্পিয়ানরা অংশগ্রহণ করায় রাহুল গান্ধীর আসন পঞ্চম সারিতে নির্ধারণ করা হয়েছে।
কংগ্রেস সূত্রের খবর, লালকেল্লায় ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাহুল-খাড়গের জন্য তৃতীয় সারিতে বসার ব্যবস্থা করা হয়েছিল, যা রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গের সম্মান অনুযায়ী যথোচিত নয়।